বিরতি শেষে আগের জায়গায় ফিরলেন নাদিয়া

অভিনয় জগতের জনপ্রিয় নাম সালহা খানম নাদিয়া। বছরজুড়েই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। শারীরিক অসুস্থতার করণে মাস দু-এক ছিলেন বিশ্রামে। অবসর কাটিয়ে আবারও ফিরেছেন শুটিংয়ে। ব্যস্ত হয়েছেন ধারাবাহিক নাটক নিয়ে।

তবে নাদিয়া জানান, চিকিৎসার জন্য কিছুদিনের মধ্যেই ভারতের চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেবেন। অনেক দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন অভিনেত্রী। এ জন্য নিয়মিত চেকআপ করাতে ভারতে যেতে হয়।

জানা গেছে, বর্তমানে নাদিয়া দুটি নাটকের শুটিং করছেন। একটির নাম ‘সুইট হোম’, অন্যটি ‘মায়া’।

নাটক দুটি নিয়ে অভিনেত্রী বলেন, ‘‘‘সুইট হোম’ নাটকটির শুটিং ইতোমধ্যেই শুরু করেছি। এখানে আমার চরিত্রটি একজন বড়লোক বাবার মেয়ে, যে খুবই উচ্চ বিলাসী। যার বিলাসী জীবন পছন্দ। চরিত্রে দেখা যাবে আমার বাবা আমার সব আব্দার পূরণ করেন, যেসব আব্দার অনেকে স্বপ্নেও ভাবে না। এমন চরিত্রে আমি এর আগে কখনও অভিনয় করিনি। চরিত্রটির জন্য আমাকে নির্বাচিত করায় পরিচালককে ধন্যবাদ।”

এ সময় নাটকটির গল্প নিয়ে নাদিয়া আরও বলেন, ‘এটি একটি উচ্চবিত্ত হাউজিং সোসাইটির গল্প। যেখানে আমার বাবা সোসাইটির চেয়ারম্যান। আমি যেহেতু ধনীর মেয়ে, তাই সবাই আমার টাকা ভেঙে খাওয়ার একটা ধান্দায় থাকে। নাটকে আমার বয়ফ্রেন্ডও আছে। সেই চরিত্রে অভিনয় করছে অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। সে জানে আমার বাবার অনেক টাকা। তাই সব সময় আমাকে ভাঙিয়ে নিজের উদ্দেশ্য হাসিল করায় মগ্ন থাকে।

এ ছাড়া গল্পে দেখা যাবে এই সোসাইটিতে এক সময় আমি ইয়াং চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। নাটকের পুরো গল্পটাই উচ্চবিত্তদের জীবনের গল্প। এমন একটি গল্পের প্রধান চরিত্রে অভিনয় করতে পেরে বেশ উচ্ছ্বসিত আমি। নাটকে আমার বাবার চরিত্রে অভিনয় করবেন শহীদুল আলম সাচ্চু।’

অন্যদিকে ‘মায়া’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন নাদিয়া। এতে তার বিপরীতে আছে সালমান আারাফাত। এই নাটকের গল্পটিও ব্যতিক্রম বলে জানান অভিনেত্রী। দুটি ধারাবাহিক খুব শিগগিরই প্রচারে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *