আত্মসমর্পণ করে জামিন পেলেন ইরফান সেলিম

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় করা হত্যাচেষ্টা মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

এর আগে একই আদালত গতকাল বুধবার ইরফানসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। শুনানিকালে অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

মামলার অন্য ৪ আসামি হলেন- ইরফানের দেহরক্ষী জাহিদুল মোল্লা, গাড়িচালক মীজানুর রহমান, মদীনা গ্রুপের প্রটোকল অফিসার এ বি সিদ্দিক দীপু ও সহযোগী কাজী রিপন।

এদের মধ্যে জাহিদুল বর্তমানে কারাগারে আছেন। মীজানুর ও দীপু জামিনে মুক্ত আছেন এবং কাজী রিপন পলাতক।

সাক্ষগ্রহণের জন্য আগামী ৬ মার্চ আদালত তারিখ নির্ধারণ করেছেন।

পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা মমিনুল হক ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন।

এই ঘটনায় গ্রেফতার হওয়ার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর পদ থেকে ইরফানকে বরখাস্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *