নব্বই দশকের তুমল জনপ্রিয় চিত্রনায়ক এস এম আসলাম তালুকদার মান্না। প্রয়াত এই নায়ককে স্মরণে ২০০৯ সালের ১৪ এপ্রিল গঠিত হয় ‘মান্না ফাউন্ডেশন’। সারাদেশে সংগঠনটির শতাধিকের উপরে শাখা রয়েছে। নতুন বছরে ‘মান্না ফাউন্ডেশন’ এর চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হয়।
রোববার (৫ ফেব্রুয়ারি) এক আলোচনা সভার মাধ্যমে চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়। ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন প্রয়াত মান্নার সহধর্মিণী শেলী মান্না। নবগঠিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হন মুহাম্মদ এনামুল হক মিঠু এবং সাধারণ সম্পাদক মনোনীত হন রাকিব হোসাইন।
এছাড়াও কমিটিতে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি পদে মোহাম্মদ জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক (হিরু), সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ রাসেল, অর্থ সম্পাদক মোহাম্মদ রাসেল হোসেন, দপ্তর সম্পাদক মুহাম্মদ আকবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবাইর বিন জিহাদী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইউনুছ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব খান মানিক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ খোকনকে মনোনীত করা হয়।
সভায় নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মদ এনামুল হক মিঠু বলেন, ‘১৯৯৩ সাল থেকে নায়ক মান্নাকে বুকে ধারণ করে এসেছি। তার সিনেমাগুলো আমাদের সাধারণ মানুষের কথা বলত। সেই জায়গা থেকেই আমি তার ভক্ত হয়ে যাই।
সাধারণ সম্পাদক রাকিব হোসাইন বলেন, ‘স্বপ্নের নায়ক ছিলেন মান্না ভাই। তার স্বপ্নগুলো বাস্তবায়িত করতে শেলী ভাবি যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।’
কীর্তিমান অভিনেতা মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে অকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার স্মৃতি রক্ষার জন্য গঠিত হয় মান্না ফাউন্ডেশন। ১৪ এপ্রিল এই সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী।
