সময়ের ব্যস্ত পরিচালক রায়হান রাফির পরিচালনায় প্রথমবার কাজ করার কথা ছিল জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের। সে ছবির নাম ‘প্রেমিক’।
গেল বছরের অক্টোবরে ঘোষণা এসেছিল ছবিটির। শুটিং শুরুর কথা ছিল ডিসেম্বরে। হয়নি। এরপর জানা যায় জানুয়ারিতে শুটিং শুরু হবে। জানুয়ারিও পেরিয়ে গেল।
অবশেষে জানা গেল ছবিটিই আর হচ্ছে না। ঘোষণা এসেছিল যৌথভাবে ‘প্রেমিক’ প্রযোজনা করবে বিগ স্ক্রিন ও এসকে ফিল্মস। বিগ স্ক্রিনের কর্ণধার টপি খান নিশ্চিত করলেন ‘প্রেমিক’ নামে কোনো ছবি আর হচ্ছে না। পরিচালক হিসেবে রাফিকেও বাদ দেওয়া হয়েছে।
তবে রাফি বললেন ভিন্ন কথা। তার দাবি, “‘প্রেমিক’ ছবির গল্প আমার। ছবির পরিকল্পনাও আমার। তাহলে আমার গল্প ও পরিকল্পনা থেকে আমাকে বাদ দেওয়ার কিছু তো নেই। আমার শিডিউল না থাকার কারণেই এই ছবি পেছানো হয়েছে। আগামী ছয় থেকে সাত মাসের শিডিউল ব্লক আমার। সুড়ঙ্গ ছবির শুটিং শুরু করতে হচ্ছে। তার প্রস্তুতি চলছে এখন। এই ছয়-সাত মাসে ‘প্রেমিক’ শুরু করা আমার পক্ষে সম্ভব নয়।”
ছবিটির নায়িকা হিসেবে কে অভিনয় করবেন, সে নিয়েও বেশ আলোচনা হয়েছে। তানজিন তিশা থেকে শুরু করে অনেক অভিনেত্রীর নামই শোনা গিয়েছিল শাকিবের বিপরীতে দেখা যাবে বলে। শেষ পর্যন্ত এ সিনেমাটিই আর হচ্ছে না।
