এবার আমার ভক্তদের ভুল ধারণা দূর হয়ে যাবে: পূজা চেরি

বেশ কিছুদিন ধরে ফিল্মি ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চায় চিত্রনায়িকা পূজা চেরি। গত বছর ছোটপর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে তার ঘনিষ্ঠ কয়েকটি ছবি ভাইরাল হয়। সেখান থেকে ছড়ায় তাদের প্রেমের গুঞ্জন। পরে গুঞ্জন ছড়ায়, তিনি ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রেম করছেন।

যদিও সব গুঞ্জনকে গুজব বলেই বরাবর উড়িয়ে দিয়েছেন পূজা চেরি। সেই একই বিষয় নিয়ে এবার আবারও মুখ খুলেছেন অভিনেত্রী।

এবার সবিস্তারে কথা বলেছেন ‘গ্ল্যামার’ নামে বিনোদন সংবাদ ভিত্তিক একটি অনুষ্ঠানে। তবে পর্বটি এখনো প্রচার হয়নি, একদিন বাদেই হবে।

জানা গেছে, ‘গ্ল্যামার’ অনুষ্ঠানটি সোমবার (৬ ফেব্রুয়ারি) থেকে প্রচারিত হবে আরটিভির পর্দায়। প্রতি সপ্তাহের সোমবার অনুষ্ঠানটি এই বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে। সেখানে উপস্থিত থাকবেন বিনোদন জগতের এক বা একাধিক তারকা। অনুষ্ঠানটির প্রথম পর্বের অতিথি হয়েছেন পূজা চেরি।

অনুষ্ঠানটির প্রযোজক নাট্য নির্মাতা দীপু হাজরা। তিনি জানিয়েছেন, প্রথম পর্বের অতিথি পূজা চেরির সঙ্গে আলাপে উঠে এসেছে সিনেমা নাকফুলের কাব্যর শুটিং স্মৃতি, তার সুখ-দুঃখ এবং গ্ল্যামারের গল্প। কীভাবে পূজা নিজেকে ফিট রেখেছেন, সেই বিষয়েও আলোচনা করেছেন নায়িকা। এর পাশাপাশি শাকিব খান ও জোভানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন নিয়েও সবিস্তারে বলেছেন।

অনুষ্ঠানটির রেকর্ডিং শেষে পূজা বলেন, ‘খুবই ভালো লাগছে। অনেকদিন পর মন খুলে আলোচনা করতে পেরেছি। কিছু বিষয়ে খোলাখুলি আলোচনা করেছি। আশা করি, সে আলোচনা শুনে আমার ভক্তদের ভুল ধারণা দূর হয়ে যাবে। যারা আমাকে পছন্দ করেন তারা হয়তো নানা বিষয়ে না জেনেই আমাকে ভুল বুঝেছেন। আশা করি, অনুষ্ঠানটি দেখলে তাদের সে ভুল ধারণা আর থাকবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *