সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে নির্মাতা ভিকি জাহেদের ‘দ্য সাইলেন্স’ সিরিজটির। প্রিমিয়ার শো অনুষ্ঠিত হওয়ার পরপরই বেশ সাড়া ফেলে দেয় সিরিজটি।
সামাজিক মাধ্যমে তোলপাড় ফেলে দেয় সিরিজের পোস্টারসহ ট্রেলার। এদিকে মুক্তির একদিন যেতে না যেতেই সর্বোচ্চ ভিউয়ের খেতাব জিতে নিয়েছে ‘দ্য সাইলেন্স’।
ভিকি জাহেদের পরিচালনায় ‘দ্য সাইলেন্স’-এ মেহজাবীনের সঙ্গী হয়েছেন শ্যামল মাওলা। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ ও আব্দুন নূর সজল। ওয়েব সিরিজটিতে তাদের অভিনয় দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন গুণী অভিনেত্রী ডলি জহুর।
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলোর নেশায় পড়েছি বলেই যেকোনো কাজ রিলিজ হওয়ার পরপরই দেখতে বসে যাই। ভিকি জাহেদের ‘দ্য সাইলেন্স’ দেখতে বসে আর উঠতে পারিনি। সাইলেন্স হয়ে ওদের পাঁচজনের চরিত্রের সাথে ৬ পর্ব পর্যন্ত থাকতে হয়েছে। কি যে করালো ভিকি তাদের (অভিনয়শিল্পী) দিয়ে! শেষে আমি ভয়ে তাদের স্বাভাবিক ভাবতে পারছিলাম না। পাঁচজন এত ভালো কাজ করেছে, এত সুন্দর বক্তব্য, এত সুন্দর নির্দেশনা, না দেখলে বুঝতে পারতাম না।
ছোট পর্দার প্রিয় মুখ সজলের অভিনয় প্রসঙ্গে এই কিংবদন্তির ভাষ্য, সজল এত ভয়ানক কাজ করতে পারে! চরিত্রের সঙ্গে মিশে গিয়ে জীবন্ত এক শয়তানের রূপ ধারণ করেছে সে, এটা সত্যি ভয়ের। খুবই ভালো করেছে সবাই, কষ্টও করেছে। সবাইকে আন্তরিক অভিনন্দন।
ডলি জহুরের সেই স্ট্যাটাসটি নিজের সোশ্যাল হেন্ডেলে শেয়ার করেছেন নির্মাতা ভিকি জাহেদ। তিনি লিখেছেন, ‘এটি আমার জন্য অনেক বড় পাওয়া। একজন কিংবদন্তি আমাদের কাজের প্রশংসা করেছেন। ধন্যবাদ ডলি ম্যাম।’
