জীবনের অপূর্ণতাগুলো ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে: দীঘি

তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ছোট বেলায় একটি বিজ্ঞাপনে মডেল হয়ে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। শিশুশিল্পী হিসেবে তার খ্যাতি ছিল আকাশচুম্বী। সেই ছোট্ট দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েবসিরিজে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

লাইমলাইটে থাকলেও দীঘি মনে করেন, তার রঙিন ইচ্ছেগুলো পুরোপুরি পূর্ণতা পায়নি। তবে দিনে দিনে সেই অপূর্ণতাগুলোতে একটু একটু করে রঙের ছোঁয়া পাচ্ছে।

সম্প্রতি ‘শ্রাবণ জোছনা’ নামে একটি অনুদানের সিনেমার শুটিং শেষ করেছেন দীঘি। এবারই প্রথম অনুদানের সিনেমায় দেখা যাবে তাকে। ফলে অনুদানের সিনেমায় কাজের অপূর্ণতা পূর্ণ হলো নায়িকার।

এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘জীবনে যে জিনিসগুলোর অপূর্ণতা ছিল, সেসব একটু একটু করে পূর্ণতা পাচ্ছে।’

সিনেমাটিতে কাজ করতে গিয়ে ঠাণ্ডা লেগেছে দীঘির। ‘শ্রাবণ জোছনা’ ছবিতে কাজের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘এই সিনেমায় কাজের অভিজ্ঞতা খুবই ভালো। অনেকগুলো লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে। ফরিদপুরে শুটিং করার সময় তাপমাত্রা নেমে যেত ৮-৯ ডিগ্রিতে, সেই ঠাণ্ডায় আমরা শুটিং করেছি।’

দীঘি বলেন, ‘সবাই কো-অপারেট করেছে বলেই এই সিনেমার শুটিং সম্পন্ন করেছি। সবাই আমার খেয়াল রেখেছে, আমি যেন ঠাণ্ডায় অসুস্থ হয়ে না যাই। তাই এটা খুব সুখকর একটা বিষয়। আনন্দময় সময়ের মধ্য দিয়ে সিনেমার শুটিং শেষ হয়েছে।’

এ সময় দীঘি কৃতজ্ঞতা জানান নির্মাতা খোকন, সহ-অভিনেতা নূরসহ সকল কুশীলবের প্রতি।

এদিকে আগামী ফেব্রুয়ারি থেকে দীঘির ফেরা সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। এই ছবি নিয়েও তার প্রত্যাশা দীর্ঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *