সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত নতুন দিনের পরিচালক মাহবুবুর রশিদ পরিচালিত প্রথম ছবি ‘ভাগ্য’। এতে জুটিবেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক মুন্না ও নায়িকা নিপুণ আক্তার।
এর আগে উত্তম আকাশ পরিচালিত চিত্রনায়ক মুন্না’র ‘ধূসর কুয়াশা’ নামে আরো একটি সিনেমা ২০১৮ সালে মুক্তি পায়। সে ছবিতেও মুন্না’র নায়িকা ছিলেন নিপুণ।
‘ভাগ্য’ এই জুটির দ্বিতীয় সিনেমা। এটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি তথা ভালোবাসার মাসের প্রথম শুক্রবার।
ভাগ্য নিয়ে চিত্রনায়ক মুন্না বলেন, ভালোভাবে ছবির কাজটি করার চেষ্টা করেছি। নিপুণের সাথে এর আগে ধূসর কুয়াশায় কাজ করার কারনে রসায়নটা ভালো হয়েছে। আগামী শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ছবিটি মুক্তি পাবে। ছবিটি সত্য ঘটনার ছাঁয়া অবলম্বনে মৌলিক গল্পে নির্মিত, আশা করেছি সব শ্রেণির দর্শকদের পছন্দের ছবি হবে ভাগ্য।
এদিকে সিনেমা মুক্তির আর মাত্র তিন দিন বাকি থাকলেও এই সিনেমার প্রচারে এখন পর্যন্ত দেখা মেলেনি নিপুণের। যদিও সম্প্রতি যে কোনো সিনেমার প্রচারেই অংশ নিতে দেখা যায় এই অভিনেত্রীকে। অনেকেই বলছেন, সমিতির কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকার কারণে নিজের সিনেমার প্রচারে অংশ নিতে পারছেন না তিনি। বিষয়টি নিয়ে কথা বলতে তার সঙ্গে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি তাকে।
এ বিষয়ে জানতে চাইলে মুন্না সংবাদমাধ্যমকে বলেন, ‘কে আমার সিনেমায় আসল না আসল তা নিয়ে এই মুহূর্তে ভাবছি না। আমি বিশ্বাস করি, শাকিব খানের পর ঢাকাই সিনেমায় দর্শক আমাকে দেখতেই হলে আসে। আর এ কারণেই সংকটের মাঝে আমার দর্শকদের অপেক্ষায় রাখতে চাইনি, যে কারণে মুক্তির ঝুঁকি নিয়েছি। দর্শক আমাকে হলে দেখতে উন্মুখ।’
হালিমা কথাচিত্রের ব্যানারে ‘ভাগ্য’ ছবিতে আরও অভিনয় করেছেন মাসুম আজিজ, জেসমিন, সাংকু পাঞ্জা, গাংগুয়া, সাবিহা জামান, গুলশান আরা।
পরিচালনায় পাশাপাশি ‘ভাগ্য’ ছবির কাহিনি, সংলাপ এবং চিত্রনাট্য করেছেন মাহবুবুর রশিদ ও সহযোগী পরিচালক ছিলেন নিরঞ্জন বিশ্বাস। গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, স্মরণ, দিনাত জাহান মুন্নী, কাজী শুভ, সুস্মিতা সাহা। সংগীত পরিচালনা করেছেন ঝংকার খন্দকার।
