ঢাকাই সিনেমার ড্যাঞ্জারম্যান’খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। অনেক সুপারহিট সিনেমার প্রযোজকও তিনি। সিনেমার সেই জৌলুস না থাকলেও তিনি কাজ করে যাচ্ছেন নিয়মিতই।
এবার তিনি প্রযোজনা করতে যাচ্ছেন নতুন আরেক সিনেমা। এর নাম ‘ম্যাজিক’। এতে ডিপজলসহ আরও অনেক তারকা অভিনয় করবেন।
ছবিটির কথা নিশ্চিত করলেন নন্দিত চিত্রনাট্যকার ও পরিচালক ছটকু আহমেদ। তিনি এ ছবির গল্প লিখছেন। এরইমধ্যে গল্প লেখার কাজ শুরু করেছেন বলে নিশ্চিত করলেন তিনি।
ছটকু আহমেদ বলেন, ”অনেক দিন পর ডিপজল সাহেব বললেন, ‘ছবি বানাব, ভালো গল্প দিন।’ আমি বললাম, ‘দেবো।’ দুই দিন পরেই গল্পের পুরো টাকা নিয়ে এলো তার ম্যানেজার। আমার মনে পড়ে গেল অনেক বছর আগে যখন চলচ্চিত্রের খুব খারাপ অবস্থা তখন ঠিক এইভাবে আমি গল্প লিখতে যে টাকা নেই তার চেয়ে বেশি টাকা একবারে দিয়ে বলেছিল, ‘আমাকে একটা গল্প দিন।’ দিয়েছিলাম ‘কোটি টাকার কাবিন’।
ফিল্ম ইন্ডাস্ট্রির ম্যারম্যারে অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছিল। শুরু হয়েছিল ভালো ছবির জোয়ার। লিখলাম ‘চাচ্চু’। বাম্পার হিট ছবি। তারপর থেকে আজ পর্যন্ত ডিপজলের কাছে গল্পের জন্য কেউ গেলে আমার কাছে পাঠিয়ে দিতো।’
ছটকু আহমেদ আরও বলেন, ‘শুরু করলাম ডিপজলের নতুন ছবির গল্প ‘ম্যাজিক’। এখন একটা দারুণ ম্যাজিক চাই, যা আমাদের চলচ্চিত্রকে বদলে দেবে। বদলে দেবে ঘূনে ধরা সমাজ ব্যবস্থাকে।’
তবে ছবিটি কে পরিচালনা করবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
