আবারও বন্ধ মধুমিতা সিনেমা হল

লোকসানের বোঝা বইতে না পেরে টানা দুই মাস বন্ধ ছিল মধুমিতা সিনেমা হল। খোলা হয়েছিল চলতি মাসে। কিন্তু কিছুদিনের মাথায় ফের বন্ধ করা হলো সিনেমা হলটি। মধুমিতা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে লেখা আছে, ‘শুক্রবার (২৭/১/২০২৩) হতে আভ্যন্তরীণ কাজের জন্য মধুমিতা সিনেমা হলের সকল শো বন্ধ থাকবে। খোলার তারিখ পরে জানানো হবে।’

বিজ্ঞপ্তিতে হল বন্ধের কারণ হিসেবে আভ্যন্তরীণ কাজের কথা উল্লেখ করা হলেও সিনেমা হলটি বন্ধ হচ্ছে লোকসানের মুখে পড়ে। এর আগে এ কথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন মধুমিতার কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।

চলতি মাসের ২০ তারিখে মুক্তি পাওয়া ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটিকে অবলম্বন করে খোলা হয়েছিল প্রেক্ষাগৃহটি। ছবিটি নূন্যতম সংখ্যক দর্শক টানতে ব্যর্থ হওয়ায় ফের হল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

সেসময় তিনি বলেছিলেন, “বছরের পর বছর লোকসানের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। এভাবে সম্ভব না। হল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দুই-একের মধ্যেই বন্ধ করে দেব। যদি বলিউডের ‘পাঠান’ মুক্তির অনুমতি পায় তাহলে ভিন্ন চিন্তা করব।”

গত বছরের নভেম্বরে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল মধুমিতা সিনেমা হল। সেসময় জানানো হয়েছিল জানুয়ারিতে খোলা হবে। কথামতো খোলা হয়েছিল। কিন্তু দর্শক খরার কারণে ফের বন্ধ করা হলো সিনেমা হলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *