কণ্ঠশিল্পী আসিফকে ই-পাসপোর্ট দিতে হাইকোর্টের নির্দেশ

কণ্ঠশিল্পী আসিফ আকবরকে তার ই-পাসপোর্ট দিতে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৫ জানুয়ারি) এ-সংক্রান্ত জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসিফের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার এম আনিসুজ্জামান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল গোলাম সারওয়ার পায়েল।

ই-পাসপোর্ট দেওয়ার আদেশের বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার সাজ্জাদ হায়দার বলেন, কণ্ঠশিল্পী আসিফ আকবরের পাসপোর্ট দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে গত ১ সেপ্টেম্বর রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ (২৫ জানুয়ারি) রুলটি নিষ্পত্তি করে দিয়েছেন আদালত। এখন আসিফ আকবরকে তার ই-পাসপোর্ট দিতে হবে।

এর আগে, ই-পাসপোর্টের আবেদনের এক বছর পার হয়ে গেলেও পাসপোর্ট না দেওয়ায় গত বছরের ৩০ আগস্ট হাইকোর্টে রিট দায়ের করেন আসিফ আকবর।

রিটে স্বরাষ্ট্র সচিব, ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা এন্ড ইমিগ্রেশন), পরিচালক (প্রশাসন ও অর্থ), পরিচালক (ই-পাসপোর্ট প্রকল্প), পরিচালক (বিভাগীয় ভিসা ও পাসপোর্ট অফিস,ঢাকা), যুগ্ম পরিচালকে (আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা) বিবাদী করা হয়।

এদিকে, হাইকোর্টের আদেশের পর এ সংক্রান্ত একটি নিউজের লিংক নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করে আসিফ আকবর তার অভিব্যক্তি জানাতে ক্যাপশনে সূরা ফাতিহার ‘ইয়া কানা’বুদু ওয়া ইয়া কানাস্তাইন’ আয়াতটি কোট করেছেন। যার অর্র্থ, ‘আমরা একমাত্র তোমারই ইবাদাত করি এবং তোমার নিকটই সাহায্য প্রার্থনা করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *