শারীরিক অক্ষমতা কোনো বাধা নয়: সাবিলা নূর

সাবিলা নূরের সঙ্গী হুইল চেয়ার আর সাহিত্যের কিছু বই! প্রতিদিন তিনি মাইলের পর মাইল এই হুইল চেয়ারে ফেরি করে বই! এলাকার সবার প্রিয় একজন মানুষ তিনি!

হয়তো সেজন্যই এলাকার চেয়ারম্যান তাকে খুব ভয় পায়, তার জনপ্রিয়তাকে ভয় পায়। এদিকে তার বই পড়ার আন্দোলনে একদিন সে পুরস্কার পায় থানা নির্বাহী অফিসারের কাছ থেকে। তখন চেয়ারম্যানও দ্বন্দ্ব ভুলে তার সঙ্গে কাজ করতে চায় মানুষের কল্যাণে! চেয়ারম্যান নিজেও সাবিলাকে সংবর্ধনা দিতে আয়োজন করে বিশেষ এক অনুষ্ঠানের!

ঠিক তখন বেরিয়ে আসে অন্য এক সত্য! কিন্তু, কী সেই সত্য? কেন সাবিলা বই, ফুল, পাখি, প্রজাপতির গন্ধে কাটিয়ে দিতে চায় তার জীবন? এমন গল্পে নিয়েই আসছে ঈদুল ফিতরের বিশেষ নাটক ‘বিরতিহীন যাত্রা’। নাটকে সাবিলা নূর অভিনয় করেছেন সুনয়না চরিত্রে।

আহমেদ তাওকীরের রচনায় ‘বিরতিহীন যাত্রা’ নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন। এই নাটকটিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, আব্দুল্লাহ রানা, সুদীপ বিশ্বাস দীপ, আনোয়ারসহ অনেকে।

নাটকটিতে সুনয়না চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। ব্যতিক্রম কাজটি নিয়ে তার মন্তব্য, ‘গত বছরের ঈদ থেকেই গল্প নির্ভর কাজ করছি। সেই ধারাবাহিকতায় এই নাটকে যুক্ত হওয়া। শারীরিক অক্ষমতা কোনও বাধা নয়, মানসিক ইচ্ছাই যে কোনও কিছু জয়ের জন্য যথেষ্ট, সেটাই এ নাটকের মূল প্রতিপাদ্য। একটা সুন্দর বাংলাদেশ গড়তে দরকার বোধ পরিবর্তনের একটা যুদ্ধ! আমি সেই যুদ্ধের আহবান জানিয়েছি এই নাটকে!’

নির্মাতা অনন্য ইমন বলেন, ‘গল্প নির্ভর কাজে যে মজা পাই, সেটা আসলে অন্য কাজে পাই না। আমি সবসময় চেষ্টা করি একটা গল্প বিস্তারিতভাবে তুলে ধরতে। এই নাটকটা অনেকখানি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে করা। আশা করছি দর্শক ভালোভাবে নেবেন।’

‘বিরতিহীন যাত্রা’য় সাবিলা নূরের সঙ্গী হয়েছেন সাবেরী আলম, আব্দুল্লাহ রানা, সুদীপ বিশ্বাস দীপ, আনোয়ারসহ অনেকে। শুটিং ইতোমধ্যে শেষ। আগামী ঈদুল ফিতরে একটি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *