বলিউড বাদশা শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’। টানা চার বছরের বিরতি শেষে ‘পাঠান’ সিনেমা দিয়ে বলিউড বাদশার রাজকীয় প্রত্যাবর্তন হতে যাচ্ছে।
এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে শাহরুখ ছাড়াও দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে অভিনয় করতে দেখা যাবে। ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে ‘পাঠান’। সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে। এটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।
এদিকে বাংলাদেশেও সিনেমাটি মুক্তির মুক্তির ব্যাপারে আলোচনা হচ্ছে। তবে শুনতেই এর বিরোধিতা করছেন ঢালিউডের বড় একটি অংশ।
অভিনেতা, নির্মাতাদের অনেকেই রয়েছেন এই দলে। বিদেশি সিনেমা এনে দেশের চলচ্চিত্রশিল্পকে হুমকির মুখে ফেলা হচ্ছে বলে মনে করেন তারা। তবে নন্দিত নির্মাতা কাজী হায়াৎ সেরকম ভাবছেন না। ‘পাঠান’ মুক্তিতে খারাপ কিছু দেখছেন না তিনি।
এ প্রসঙ্গে কাজী হায়াৎ বলেন, ‘যদি আইন অনুযায়ী এই সিনেমা মুক্তি দেওয়া যায় তাহলে তো কোনো সমস্যা নেই। আমাদের সিনেমা এখন সারাবিশ্বে মুক্তি পাচ্ছে। অন্যান্য দেশের সিনেমা আমাদের দেশে মুক্তি পেতে পারে। আমার কাছে এটি খুব স্বাভাবিক প্রক্রিয়া বলে মনে হয়।’
এখানকার একটি প্রযোজনা প্রতিষ্ঠান সাফটা চুক্তির বিনিময়ে ছবিটি বাংলাদেশে আমদানি করতে চায়। বিনিময়ে ভারতে রফতাতি করা হবে শাকিব খান-অপু বিশ্বাসের ‘পাঙ্কু জামাই’ সিনেমাটি। জানা গেছে, এরই মধ্যে সেখানকার ইকো এন্টারটেইনমেন্টের কাছে নাকি রফতানিও করা হয়েছে।
