ফটিকছড়িতে ১০৬ মেধাবীকে শিক্ষাবৃত্তি দিলেন মেহেদী হাসান

চট্রগ্রামের ফটিকছড়ির ভূজপুরে ১০৬ জন মেধাবী শিক্ষার্থীকে ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষাবৃত্তি দিয়েছেন জেএইচএম ইন্টারন্যাশনাল গ্রুপের বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মেহেদী হাসান বিপ্লব।

শনিবার (২১ জানুয়ারি) সকালে দাতঁমারা ইউনুছ কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে ২০২২ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এসব শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ ৫ হাজার টাকা করে মেধাবৃত্তি প্রদান করা হয়।

মেহেদী হাসান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, উপজেলা ভাইস-চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী, শফিউল আজম, জয়নাল আবেদীন, নাহিদুল ইসলাম, কামাল উদ্দিন প্রমুখ।

শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ শিক্ষাবৃত্তির আয়োজন করেছেন বলে জানান ফটিকছড়ির কৃতিসন্তান তরুণ ব্যবসায়ী মেহেদী হাসান বিপ্লব।

তিনি বলেন, স্কলারশীপ কিংবা শিক্ষাবৃত্তি- একজন শিক্ষার্থীর জন্য অনেক উৎসাহের। মেধাবী হওয়া সত্ত্বেও আর্থিক অনটনে কিছুটা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য এটা কিছুটা হলেও কাজে লাগবে।

শিক্ষার্থীদের উৎসাহিত করে তিনি বলেন, আমি গ্রামের স্কুলেই লেখাপড়া করেছি। অনেক বাধা বিপত্তি এসেছে। কিন্তু থামিনি। আসলে জীবনে অনেক বাধা বিপত্তি আসবে। তবে সব প্রতিবন্ধকতা পেরিয়ে সাফল্যে পৌঁছাতে পারলেই মূল সুখ।

বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মেহেদী হাসান বলেন, জাতিকে যদি উন্নত করতে হয় শিক্ষা ছাড়া উপায় নেই। আমরা যে অবস্থায় আছি তার চেয়ে একটু ভালো অবস্থানে আমাদের সন্তানদের দেখতে চাই। আর এর জন্য তাদের সুশিক্ষিত করার কোনো বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *