ঢাকাই শোবিজের আলোচিত ও দর্শকপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম। কলকাতায় সিনেমা করেও দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছেন। পরাণ ও দামাল সিনেমা দিয়ে এখনো আলোচনায় রয়েছেন তিনি। বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন সাবেক এই লাক্স সুপারস্টার। সেখানে নতুন সিনেমা মানুষ এর শুটিং করছেন।
কলকাতায় মানুষ সিনেমার দ্বিতীয় লটের শুটিং করছেন মিম। বিপরীতে আছেন জিৎ। এই নায়কের সঙ্গে আগেও সিনেমা করেছেন। এদিকে ঢাকার শোবিজপাড়ায় খবর রটেছে মিম প্রথমবারের মতো তার ক্যারিয়ারে ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মিম নিজেও। ভারত থেকে মিম সংবাদমাধ্যমকে বলেন, খবরটি সত্যি। প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছি। এখন এটুকুই বলতে চাই। কাজটি করছি এটাই বড় কথা। এটুকু বলতে পারি ভালো কিছু হতে যাচ্ছে।
মিম আরও বলেন, আমার ক্যারিয়ার এক যুগ পার হয়েছে আরও আগে। সবার ভালোবাসা ও নিজের পরিশ্রম, সততা নিয়ে অভিনয় করে যাচ্ছি। কাজেই প্রথম ওয়েব সিরিজ নিয়ে আনন্দ কাজ করবেই। আমি মনে করি ক্যারিয়ারে ভালো কিছু হতে চলেছে।
দর্শকরা প্রথম ওয়েব সিরিজে ভালো কিছু দেখতে পারবেন। সেভাবেই প্রস্তুতি নিয়ে কাজটি করব। যোগ করেন মিম। মিম অভিনীত প্রথম ওয়েব সিরিজটি ওটিটি প্লাটফর্ম হইচইয়ের ব্যানারে নির্মিত হবে। পরিচালনা করবেন সানী সানোয়ার।
পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ঢাকা অ্যাটাক’র কাহিনিকার ও অন্যতম প্রযোজক হিসেবে বেশ আলোচনায় আসেন তিনি। নির্মাতা হিসেবে নাম লিখেছেন ‘মিশন এক্সট্রিম’ সিনেমা দিয়ে। বড় পর্দার এই নির্মাতা এবার তৈরি করছেন ওয়েব সিরিজ।
নির্মাতা সানী সানোয়ারের ভাষ্য, ‘বিষয়টি জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’
জানা গেছে, ত্রিভুজ প্রেমের গল্পের এই সিরিজে মিমের সহশিল্পী হিসেবে দেখা যাবে সুমিত সেনগুপ্ত ও এফএস নাঈমকে। আর খুব শিগগিরই এটি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
