মাকে নিয়ে প্রথমবার সিনেমা দেখলেন আরিফিন শুভ

মডেল থেকে চিত্রনায়ক, তারপর কেটে গেছে ১৩ বছর। এই ১৩ বছরে আরিফিন শুভর জনপ্রিয়তা বেড়েছে বহুগুণ। এখন তিনি দেশের শীর্ষস্থানীয় চিত্রনায়কদের একজন। তবে এই দীর্ঘ ক্যারিয়ারে কখনোই মায়ের সঙ্গে বসে সিনেমা দেখা হয়নি আরিফিন শুভর। এবার সেই মনোবাসনাও পূর্ণ হলো তার।

শুক্রবার রাজধানীর একটি প্রেক্ষাগৃহে মাকে নিয়ে ব্ল্যাকওয়ার সিনেমা দেখেন আরিফিন শুভ। এ সময় মায়ের সঙ্গে হালকা খুঁনসুটি করতেও দেখা যায় তাকে।

প্রথমবার মা সিনেমা দেখায় উচ্ছ্বসিত আরিফিন শুভ। নায়কের ভাষ্য, ‘মা আমাকে পর্দায় প্রথম দেখলো, সবাই জানেন উনি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ। তারপরও ওনাকে নিয়ে এসেছি। মাকে আমার সিনেমা তার জীবদ্দশায় দেখাতে পারলাম সেজন্য সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা।’

ছেলের সিনেমা দেখে মা কী বললেন তাও জানালেন শুভ। তার কথায়, ‘আমি ওনার পাশে বসে সিনেমা দেখছি। পাশে বসে কীভাবে দুবাই গেলাম সেটা জানতে চেয়েছে, কেন গোলাগুলি করছি সেটাও জানতে চেয়েছে…।’

‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটির জন্য নয় মাস কঠোর পরিশ্রম করেছেন শুভ। সে কথা মনে করিয়ে দর্শকের উদ্দেশে নায়কের বার্তা, ‘আপনারা হলে আসবেন, ছারপোকার কামড় খাবেন। মনে রাখবেন, ছারপোকার কামড়ের দাগ মুছে যাবে। কিন্তু সিনেমা করতে গিয়ে আমার শরীরে যত ইনজুরি হয়েছে, সেগুলো সারাজীবন আমাকে ভুগতে হবে। এইটুকু কষ্টের জন্য হলেও সিনেমা দেখতে আসবেন। শুধু দেশের বাইরের কাজের সঙ্গে তুলনা করবেন না। কারণ তাদের মতো আমাদের সুযোগ-সুবিধা নেই। আমাদের দেশের সিনেমা হিসেবে কেমন হয়েছে, চেষ্টাটা করতে পেরেছি কিনা, সেটুকু মূল্যায়ন করবেন।’

উল্লেখ্য, ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ। কপ ক্রিয়েশনের প্রযোজনায় সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *