এবার দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বললেন পরীমণি

বছরের শেষ মুহূর্তে ফেসবুক পোস্টে সংসার ভাঙার ইঙ্গিত দিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। পরে স্বামী শরিফুল রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগও এনেছিলেন।

সবশেষ কয়েকদিন পর জানান, ছেলে রাজ্যকে নিয়ে বেশ ভালোই আছেন তারা। একমাত্র সন্তানের টানেই এক হয়েছেন রাজ-পরী।

চিত্রনায়িকার ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনার জন্ম নিলেও বিষয়টি নিয়ে সরাসরি খুব একটা কথা বলতে দেখা যায়নি তাকে। এবার একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনাকালে দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন পরী।

‘বিশ্ব সুন্দরী’র নায়িকা বলেন, দিন শেষে আমরা কী চাই, ভালো থাকতে চাই। আমার মনে হয় প্রতিটি মানুষই এটা চায়। এ জন্যই যুদ্ধ করা, লড়াই করা। তো ভালো থাকার জন্য যদি একটু লড়াই করা হয়, আমার মনে হয় তাতে দোষের কিছু নেই। ছোট একটু সমস্যা করে যদি দীর্ঘ সময়ের জন্য সমাধান করা যায়, ভালো থাকা যায় তাহলে সেটা কেন করব না আমি।

রাজের সঙ্গে এখন সম্পর্ক কেমন যাচ্ছে— জানতে চাইলে এ নায়িকা বলেন, ‘প্রথম দিকে রাজ একটু পাগলামি করেছে। কিন্তু আস্তে আস্তে ও নিজের ভুল বুঝতে পারছে। এখন ও মোটামুটি ঠিক হয়েছে। আমার কথা শুনছে। একদিনে তো সব পরিবর্তন সম্ভব নয়, একটু তো সময় লাগবেই।’

গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। চলতি বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *