দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কলকাতায় তার বসবাস হলেও এদেশের সঙ্গে তার একটি আত্মার সম্পর্ক রয়েছে। তাই সময় পেলেই ছুটে আসেন বাবার জন্মভিটায়।
এবার ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ১৫ জানুয়ারি সন্ধ্যায় ঢাকায় পা রাখেন এই অভিনেত্রী।
পাঁচ দিনের ঢাকা সফর নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে মুখোমুখি হন শ্রীলেখা। তিনি আলাপকালে জানান, বাংলাদেশের সিনেমায় কাজ করতে যাচ্ছেন। এটা হতে যাচ্ছে তার বাংলাদেশে দ্বিতীয় সিনেমা।
নাম ঠিক না হওয়া এই সিনেমায় শ্রীলেখার সঙ্গে দেখা যাবে বাংলাদেশের দুই জনপ্রিয় অভিনেতা ফেরদৌস ও মোশাররফ করিমকে।
শ্রীলেখা বলেন, ‘পরিচালকের বারণ আছে বিস্তারিত বলতে। তাই উনার আর ছবির নামটা বলতে পারছি না। ফেরদৌসের সঙ্গে কাজ করবো৷ সে আমার পুরনো বন্ধু। অনেকদিন পর কাজ করব একসাথে। পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সাথে অভিনয় করব।’
শ্রীলেখা জানান, আগামী ফেব্রুয়ারিতে এ ছবির শুটিং হবে।
