বেড়াতে গিয়ে মারধর ও হুমকির অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জনপ্রিয় রেডিও জকি (আরজে) ও ইউটিউবার গোলাম কিবরিয়া সরকার।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে কক্সবাজার সদর থানায় জিডিটি করেছেন আরজে কিবরিয়া। এ নিয়ে গতকাল নীরব ছিলেন তিনি। মুঠোফোনেও পাওয়া যায়নি তাকে। অবশেষে দিনশেষে তিনি সরব হন সামাজিক মাধ্যমে।
কিবরিয়া মুখ খোলায় তার পোস্টে ভিড় জমান নেটিজেনরা। মন্তব্যের ঘরে প্রায় সবাই এই জনপ্রিয় কথাবন্ধুর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। নেটিজেনদের সেসব মন্তব্যের কোনো উত্তর না দিলেও একজনের মন্তব্য এড়িয়ে যেতে পারেননি কিবরিয়া। তার উত্তরে জানিয়েছেন, নিজের মাকেও তিনি তার বাসায় ঢুকতে দিতে পারেন না।
মন্তব্যের ঘরে ওই নেটিজেন লিখেছেন, ‘মাথা ঠান্ডা রাখুন কিবরিয়া। ধৈর্য রাখুন। আমি জানি আপনি পারবেন।’ এর উত্তরে কিবরিয়া লিখেছেন, ‘আমাকে এবার পারতেই হবে ভাই । অনেক সেক্রিফাইস করেছি… অনেক। আপনি ছাড়া আর কে বেশি ভালো জানেন। জন্মদাত্রী মাকেও ঢুকতে দিতে পারি না আমার বাসায়। সন্তানকেও তাই বলে সেক্রিফাইস! না, কখনও না! আর কতকাল পাবলিক ইমেজের ক্ষতি হবে ভেবে নিজেকে নিজে ধ্বংস করব। আমি সব কিছুর জন্য প্রস্তুত আছি।’
তবে কিবরিয়া তার মাকে কী কারণে বাসায় ঢুকতে পারেন না, কিংবা তাকে এমন অমানবিক কাজ করতে বাধ্য করেন— সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে ঝামেলা চলছিল কিবরিয়ার। সেই ঝামেলা কাঁধে নিয়েই কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন তারা। সেখানেই ঝগড়ায় জড়ান। এর জেরে কিবরিয়া ও তার স্ত্রী দুজনেই প্রশাসনের শরণাপন্ন হন।
