Home দেশের খবর চট্টগ্রাম অবশেষে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের অনুমতি

অবশেষে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের অনুমতি

0
517

অবশেষে নানা নাটকীয়তার পর শুক্রবার থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জাহাজ চলাচলের সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান।

তিনি বলেন, ‘পরীক্ষামূলকভাবে দুটি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষার্থে কিছু শর্ত দেওয়া হয়েছে। সেন্টমার্টিন থেকে জাহাজগুলো নিরাপদে ফিরে আসার পর অনুমতি সাপেক্ষে বাকি জাহাজগুলো চলাচল করতে পারবে।’

সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ বলেন, ‘এমভি পারিজাত ও এমভি রাজহংস পরীক্ষামূলকভাবে অনুমতি পেয়েছে। জাহাজটি দুটির একটিতে ৫২৫ জন এবং অপরটি ৪১০ জন যাত্রী ধারণের ক্ষমতা সম্পন্ন।’

তিনি আরো বলেন, ‘তেলের দাম বৃদ্ধি হওয়ায় টিকিটের মূল্য আগের নির্ধারিত মূল্যের চেয়ে ১৫০-২০০ টাকা বাড়ানো যেতে পারে। পরে তেলের দাম কমলে টিকিটের মূল্যও কমানো হবে।’

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) সভাপতি আনোয়ার কামাল বলেন, ‘পর্যটন মৌসুমের এখনো দুই মাস সময় বাকি আছে। এই দুই মাসে আমরা পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণের আনন্দ দিতে চাই। টেকনাফ-সেন্টমার্টিনে অনেক শিক্ষার্থী ভ্রমণ করে। আবার অনেক অসচ্ছল লোকজনও সেন্টমার্টিন ভ্রমণ করতে চায়। জাহাজ মালিকদের অনুরোধ করব, যারা অক্ষম তাদের টিকিট মূল্যে বিবেচনা করতে। সর্বোপরি আশা রাখছি, পর্যটকরা নিরাপদে সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।’

উল্লেখ্য, মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ ও নদীর নাব্যতা সংকটের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ ছিল। অবশেষে দীর্ঘ দিন পর এই রুটে জাহাজ চলাচলের অনুমতি মিলল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here