রাজধানীর মহাখালী থেকে উত্তরা পর্যন্ত সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ বৃহস্পতিবার ভোর থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজটে বিমানবন্দর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ আছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, যানজটের কারণে অনেককে ফ্লাইট ধরার জন্য মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত হেঁটে যেতে দেখা গেছে। মূলত আজ ভোররাত ২টা থেকে এই যানজট শুরু হয়েছে। তবে, সকালে তা তীব্র আকার ধারণ করেছে।
সরেজমিনে দেখায় যায়, সকাল থেকে কার্যত এয়ারপোর্টমুখি সড়কে যানচলাচল স্থবির হয়ে রয়েছে। বিশেষ করে মহাখালী বা প্রগতি সরণি থেকে বিমানবন্দর হয়ে উত্তরাগামী রাস্তায় যানচলাচল একদম বন্ধ রয়েছে। এর ফলে বিমানবন্দর হয়ে এই যানজটে একদিকে পৌঁছেছে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত আর অন্যদিকে পৌঁছেছে রামপুরা পর্যন্ত।
এদিকে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থেকে অতিষ্ট হয়ে অনেক যাত্রী হেঁটে গন্তব্যের দিকে রওয়ানা হয়েছেন। তাদেরই মধ্যে একজন হলে রইসুল আসান খান।
তিনি বলেন, আমি প্রতিদিন উত্তরাতে অফিস করি ইন্দিরা রোড থেকে। আজ মহাখালী ফ্লাইওভারে ২ ঘণ্টা আটকা যানজটের কারণে। তাই বাধ্য হয়ে হেঁটে অফিসের দিকে রওয়ানা হয়েছি।
অসহনীয় এ যানজটে আটকা ভিক্টর ক্লাসিক বাসের চালক আমিনুল বলেন, কুড়িল বিশ্বরোড পার হয়ে কোনোভাবে বিমানবন্দর এলাকায় এসেছি। এখানে ১ ঘণ্টা ধরে আটকে আছি। এখন আর গাড়ি সামনে যাচ্ছে না।
এদিকে বিমানবন্দর এলাকায় কর্মরত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের (উত্তরা) একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ব ইজতেমা উপলক্ষে দেশ ও বিদেশে থেকে হাজার হাজার মুসল্লি তুরাগ নদীর পাড় এসে হাজির হচ্ছেন। এর কারণে মূলত রাস্তায় অনেক চাপ বেড়ে গেছে। ফলে বিমানবন্দর এলাকা থেকে উত্তরার দিকে বা গাজীপুরের দিকে কোনও গাড়ি প্রবেশ করতে পারছে না।
