ছেলের পঞ্চম জন্মমাস উদযাপন করলেন রাজ-পরীমণি

এইতো সেদিনের কথা। এরইমধ্যে কেটে গেছে পাঁচ মাস! গত ১০ আগস্ট বিকেল ৫টা ৩৬ মিনিটে পৃথিবীর বুকে যাত্রা শুরু করেছে রাজ-পরী দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।

এদিকে রাজ জানিয়েছেন ছেলের চতুর্থ মাস পূর্তি উপলক্ষে যেভাবে কেক কেটে উদযাপন করা হয়েছিল, এবারও তার ব্যতিক্রম হয়নি। কেননা, প্রতি মাসে একবার করে জন্মদিন পালন করবেন এই তারকা দম্পতি।

ছেলের বিশেষ দিনটি গতকাল ১০ জানুয়ারি ঘরোয়া আয়োজনেই উদযাপন করেছেন তার বাবা-মা। বুধবার ভোররাতে সেই মুহূর্তের একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ।

তিনি লিখেছেন, আমার প্রিয় রাজ্যের পঞ্চম মাস শুভ হোক। পোস্টের নিচে ভালোবাসার চিহ্ন একে লিখেছেন, ‘ফ্যামেলি’। ৭ ঘন্টায় তার সেই পোস্টে সাড়ে ৭ হাজারেরও বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে।

পরিস্থিতি দেখে ধরে নেওয়া যায়, পরীমণি-রাজের বিচ্ছেদ নাটকের অবসান ঘটেছে। এখন তারা এক ছাদের নিচে বসবাস করছেন। এমনকি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে শিগগিরই দুবাই যাবেন এ দম্পতি।

এদিকে ২০২২ সালের শেষদিকে পরী সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, তিনি রাজের সঙ্গে সংসার করবেন না। তার বাসা থেকে বেরিয়ে এসেছেন। রাজও বলেছিলেন, তাদের সম্পর্ক জোড়া লাগার মতো নয়। কিন্তু তারা এখন দিব্যি সংসার করছেন।

আগামী ১৫ জানুয়ারি দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছেন ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। সেখানে অংশ নিতেই দুবাই যাবেন পরী-রাজ।

এ বিষয়ে এক ভিডিও বার্তায় রাজ বলেন, “আমি ও পরীমণি দুবাইয়ে আসছি। ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের দ্বিতীয় সিজনে আজমানে। সবার সঙ্গে দেখা হচ্ছে।”

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর একই বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *