রোদের দেখা মেলায় ঢাকায় শীত কিছটা কমলেও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সোমবার থার্মোমিটারের পারদ নেমেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
একই সময়ে ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ সেলসিয়াস, গতকাল যা ছিল ১২ দশমিক ৩।
সোমবার (৯ জানুয়ারি) এক বুলেটিনে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগ এবং চুয়াডাঙ্গা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে।
এছাড়া নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের প্রায় সব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং দুপুর পর্যন্ত কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঘন কুয়াশার কারণে গত কয়েকদিন ধরে সূর্য না ওঠায় দিন ও রাতের তাপমাত্রার ব্যববধান কমে তীব্র হয়েছিল শীত। এখন সেই পরিস্থিতি বদলাচ্ছে। দিনের তাপমাত্রা বেড়ে কমছে শীতের তীব্রতা। সোমবার সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোদ উঠেছে।
রোববার টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যদিও ঢাকায় দিনের তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমেছিল।
