তারকা দম্পতি রাজ-পরী বিচ্ছেদের পথেই হাঁটছেন বলে ঘোষণা দিয়েছেন। স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি আর রাজের সঙ্গে সংসার করবেন না। রাজও জানিয়ে দিয়েছেন, তিনিও পরীমণির সঙ্গে আর এক ছাদের নিচে থাকতে আগ্রহী নন।
এদিকে পরী-রাজের বিচ্ছেদ নিয়ে নেটদুনিয়ায় তো চর্চা হচ্ছে, সেই সঙ্গে চলচ্চিত্রের মানুষ তাদের সমালোচনা করছেন। তাদের একজন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তিনি আলোচিত এই দম্পতিকে রীতিমতো ধুয়ে দিলেন।
পরী-রাজকে কাকের সঙ্গে তুলনা করে ঝন্টু বলেন, ‘পরীমণিকে ইতিমধ্যে সবাই চেনে। এর আগেও নানান কারণে তাকে সমালোচিত হতে দেখা গেছে। জেলও খেটেছেন। যদিও তাদের সমসাময়িক সংসার টিকে থাকতে পারে। কোনো একদিন দেখা যাবে ভেঙে গেছে। আমার মতে পরীমণিও কাউয়া, রাজও কাউয়া; ওদের সংসার কোনোদিন টিকবে না। বরং আমাদের চলচ্চিত্রের সুনাম ক্ষুণ্ন করছে এই দম্পতি। হয়তো নতুন প্রজন্ম ভাববে চলচ্চিত্র মানেই এরকম।’
এই পরিচালক আরও বলেন, ‘আমাদের সময় তো নায়িকা শাবানা, ববিতা, সুচরিতা, কবরীর মতো নায়িকাদের সংসার জীবন দেখেছি। তারা সিনেমার বাইরে এসব নিয়ে কখনেও মাথা ঘামাননি। আর এখন সবাই আসলে আলোচনায় থাকতে চায়। এগুলো চলতে চলতে আসলে প্যাশন হয়ে গেছে। তাতে আমাদের সম্মানহানী হচ্ছে। চলচ্চিত্রের মানুষের নাম শুনলেই এখন মানুষ আতংকে থাকে। তাদের আসলে এসব কে বুঝাবে। শুধু বলব ওদের আল্লাহ হেদায়েত দান করুক।’
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।
