আপাতত হানিমুনে যাওয়া হচ্ছে না পলাশের!

জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের চরিত্র রোকেয়া কিংবা ইভাকে নয়, বাস্তব জীবনে নাফিসা রুম্মান মেহনাজকে বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। কিছুদিন আগে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেতা।

জানা গেছে, পলাশের স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন অনুষদে স্নাতক সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন তিনি। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। পলাশের দূরসম্পর্কের আত্মীয় ছিলেন নাফিসা রুম্মান মেহনাজ।

গত ১৬ ডিসেম্বরে শুভ কাজের সংবাদটি দেন পলাশ। তবে তাঁরা বিয়ে করেছিলেন আরও চার মাস আগে। গত ৫ আগস্ট। খবরটি এতদিন পর প্রকাশ্যে আনার কারণটা জানালেন হাজারও ভক্তের প্রিয় এই অভিনেতা।

তার কথায়, ‘আগস্টের ৫ তারিখে আকদ করার পর ভেবেছিলাম সেপ্টেম্বর-অক্টোবরের দিকে অনুষ্ঠান করব। কিন্তু আমার দুলা ভাই (ভগ্নিপতি) দেশের বাইরে, আমাদের ব্যাচেলর পয়েন্টের লাস্ট লটের শুটিং, সব কিছু মিলিয়ে অনুষ্ঠানটি সেট করতে পারছিলাম না। এদিকে ঘোষণাটাও দেরি হয়ে যাচ্ছিল। পরে ভাবলাম বিজয় দিবসেই ঘোষণাটা দিয়ে দেই।’

জীবনসঙ্গীর সঙ্গে কীভাবে পরিচয়? প্রেম করে বিয়ে করেছেন? নাকি পরিবারের সিদ্ধান্তে? সেটাও জানালেন পলাশ। তিনি বলেন, ‘নাফিসা আমার আম্মার ফুফাতো বোনের মেয়ে। অনেক বছর যাবৎ আমাদের চেনাজানা। দুজনের যোগাযোগও অনেক বছর ধরে। কখনোই আমরা একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হইনি। তবে শেষ দুই বছরে যোগাযোগটা অনেক বেশি ছিলো। এই সময়টায় আমরা একে অপরের আরও বেশি কাছাকাছি এসেছি।’

পলাশ-নাফিসার পাশাপাশি তাদের বাবা-মায়েরাও নাকি মনে মনে এমন কিছু ঠিক করে রেখেছিলেন। সেটাও জানালেন পলাশ। তার ভাষ্যে, ‘আমার আব্বা-আম্মা আর তার আব্বা-আম্মা যে ভেতরে ভেতরে এমন পরিকল্পনা করে রেখেছিলেন আমরা জানতাম না। বিয়ের পর তারা অনেক খুশি হয়েছেন। তাদের মনের আশা পূরণ হয়েছে। বাবা-মার আনন্দ দেখে আরও বেশি ভালো লাগছে। আমার ঘরটা এখন আনন্দমুখর। বিয়ের পর থেকে ঘরময় একটা আনন্দ-উৎসব চলছে। যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

ব্যস্ততার কারণে আপাতত স্ত্রীকে নিয়ে হানিমুনে যাওয়া হচ্ছে না বলেও জানান পলাশ, ‘আপাতত হানিমুনের পরিকল্পনা নেই। কারণ আমাদের ওয়েব সিরিজের শুটিং সামনে। এরপর আমার নিজের পরিচালনায় বেশ কিছু প্রজেক্ট আছে। ফলে কোনোভাবেই সুযোগ হয়ে আসছে না। পরে সময় করে পরিকল্পনা করব।’

বিবাহিত জীবন কতটা উপভোগ করছেন? এই প্রশ্নে শুরুতে হেসে ওঠেন এই অভিনেতা। তারপর বললেন, ‘এত বছরের চেনাজানা মানুষটিকে নিজের করে পাওয়া, অন্যরকম এক অনুভূতি এটা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *