গেল কয়েকদিন হলো ঢাকাই সিনেমার আলোচিত জুটি পরীমণি ও শরিফুল রাজের সংসার ভাঙার খবর উঠেছে। পরীমণি তার স্বামী রাজের বিরুদ্ধে শারীরিকভাবে নির্যাতনসহ বেশ কয়েকটি অভিযোগ তুলেছেন। এসব বিষয়ে শরিফুল রাজ চুপ করে থাকলেও সোমবার মুখ খুলেছেন তিনি।
শরিফুল রাজ বলেন, ‘চুপচাপ থাকতে চাই। পরীর এসব আমি আটকাতে বা থামাতেও চাই না। পরীর সবকিছু করার ও বলার অধিকার আছে। পরী যা করছে বা তার মন যা চায় করুক, হয়তো তার সে অধিকার আছে।’
প্রথম দিনই অভিনেত্রী পরী সংসার ভাঙনের ইঙ্গিত দেন। এরপর পরবর্তীতে ফেসবুক স্ট্যাটাসে সেটা আরও স্পষ্ট করেন চিত্রনায়িকা। অর্থাৎ তাদের সংসার টিকছে না! এই বিষয়টি এবার রাজের বক্তব্যেও স্পষ্ট হলো। সংসার জোড়া লাগার ব্যাপারে অভিনেতা স্পষ্ট বলেন, না, আর হবে না সেটা।
এছাড়া পরী গায়ে হাত তোলার অভিযোগও তুলেছেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে প্রশ্ন এড়িয়ে গিয়ে রাজ বলেন, আমি এখন চুপচাপ রয়েছি। কিছু বলতে চাইছি না। এই পরিস্থিতিতে একা থাকা প্রয়োজন আমার। এসব ব্যাপারে পরে কথা বলব।
এদিকে চিত্রনায়িকা যখন স্বামী রাজের বিরুদ্ধে অভিযোগ তোলেন ফেসবুকে, সেই সময় ফেসবুক ভেরিফাইড পেজে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে একটি স্ট্যাটাস দেন নায়ক। সেখানে বলেন, ‘প্রিয় ছেলে আমার, এ বছর তো অবশ্যই, সামনের সময়ও তোমার দুর্দান্ত কাটুক। আগামী বছরগুলোয় সুস্বাস্থ্য কামনা করছি তোমার।
একমাত্র ছেলে রাজ্যকে নিয়ে আবেগাপ্লুত রাজ আরও বলেন, ‘তোমার জন্য আমার হৃদয় সবসময় ভালোবাসায় পূর্ণ। তুমি যত বড় ও শক্তিশালী হওনা কেন! তুমি কখনোই আমার ভালোবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না। হ্যাপি নিউ নিয়ার।’
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর পরী ফেসবুক স্ট্যাটাসে রাজের সঙ্গে সংসার না করার ইঙ্গিত দিয়ে লেখেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’
