দেশের শীর্ষ বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের ওপর থেকে সিম বিক্রির নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। ফলে স্বাভাবিক সময়ের মতোই সিম বিক্রি করতে পারবে অপারেটরটি। ইতোমধ্যে নিষেধাজ্ঞা তোলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, গ্রামীণফোনের অনেক উন্নতি হয়েছে। মানসম্মত সেবা নিশ্চিতে যে কয়েকটি শর্ত ছিল তার সব কয়টি তারা পূরণ করেছে। তাই তাদের সিম বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
উন্নত সেবা দিতে না পারায় গত বছরের ২৯ জুন গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র ওই সময় বলেন, কোয়ালিটি অব সার্ভিস উন্নত না করা পর্যন্ত গ্রামীণফোনকে সিম বিক্রি করতে নিষেধ করা হয়েছে।
সিমি বিক্রি করার নিষেধাজ্ঞা তুলে নেওয়া সংক্রান্ত সিদ্ধান্ত শিগগিরই গ্রামীণফোনকে জানিয়ে দেওয়া হবে বলে জানায় বিটিআরসি।
