বাঁধনের নতুন বছর শুরু হচ্ছে ‘গুটি’ দিয়ে

বছর শেষ হতে আর মাত্র একদিন বাকি। এর মধ্যে শোবিজ দুনিয়ার তারকাদের চলতি বছরের কাজ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। পরিকল্পনাও হচ্ছে নতুন বছরের। একইভাবে নতুন বছর কী কী কাজ করবেন, কোন কাজ দিয়ে বছর শুরু হবে তারও হিসাব চলছে।

এ ধারাবাহিকতায় নতুন বছরটা ভিন্নভাবে উপভোগ করতে যাচ্ছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নতুন বছরের শুরুতেই ওটিটির কাজ নিয়ে হাজির হবেন এ অভিনেত্রী।

৫ জানুয়ারি একটি ওটিটি প্লাটফর্মে প্রচার করা হবে তার অভিনীত নাটক ‘গুটি’। ডার্ক-থ্রিলারধর্মী এ সিরিজ নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত। বলা চলে এটিই হতে যাচ্ছে বছরের প্রথম ওয়েব সিরিজ।

এরই মধ্যে এর ট্রেলারও প্রকাশ হয়েছে। এতে অভিনেত্রী বাঁধনকে দেখা গেছে মাদক কারবারির চরিত্রে। নানা ঘটনায় জড়িয়ে পড়েছেন প্রতিনিয়ত। তাই রয়েছেন পুলিশের নিশানায়।

এ ওয়েব সিরিজ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘সমাজে বড় বড় রাঘববোয়ালের হাতে যারা দাবার ঘুঁটির মতো ব্যবহৃত হয়, সেসব মানুষের গল্পে নির্মিত হয়েছে এ সিরিজ।

এতে তেমন এক নারীর জীবনযাপন ও সংগ্রামের গল্প বলা হয়েছে। চরিত্রটি আমার কাছে অনেক ভালো লেগেছে। নতুন বছরে সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

বাঁধন ছাড়াও এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয়, মৌসুমী হামিদ প্রমুখ।

এদিকে ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত অভিনেত্রী বাঁধন কয়েকদিন আগে মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়েছেন। শিগগিরই দেশে ফিরবেন তিনি। ফিরেই নতুন কিছু কাজের খবর দেবেন বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *