বাস্তবে তারা একে অপরের দাম্পত্যসঙ্গী। একজন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আলমগীর, অন্যজন বাংলা গানের কালজয়ী গায়িকা রুনা লায়লা। দুই দশকের বেশি সময় ধরে সংসার করছেন এই জুটি। তবে একসঙ্গে পর্দায় খুব একটা জুটি বাঁধা হয়নি তাদের।
২৭ বছর আগে চাষী নজরুল ইসলামের “শিল্পী” সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন তারা। দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন আলমগীর ও রুনা লায়লা। তাদেরকে নিয়ে একটি বিজ্ঞাপনচিত্র বানাচ্ছেন নির্মাতা অনন্য মামুন।
জানা গেছে, এই বিজ্ঞাপনচিত্রে আলমগীর-রুনা লায়লার সঙ্গে থাকছেন আঁখি আলমগীরও। তিনি আলমগীরের প্রথম সংসারের মেয়ে।
জানা গেছে, একটি রিয়েল এস্টেট কোম্পানির প্রচারে নির্মিত হচ্ছে বিজ্ঞাপনচিত্রটি।
এ বিষয়ে অনন্য মামুন বলেন, এই বিজ্ঞাপনটি তাদের ছাড়া কল্পনা করতে পারছিলাম না। সে কারণে তাদের চুক্তিবদ্ধ করিয়েছি। এখানে তারা অভিনেতা আলমগীর ও সংগীতশিল্পী রুনা লায়লা হিসেবেই আসছেন।
তিনি আরো বলেন, আগামী ১০ জানুয়ারি থেকে বিজ্ঞাপনচিত্রটির শুটিং করবো। আশা করছি, ভালো কিছু হবে। তাদের পেয়ে আমরা অনেক আনন্দিত।
৫৩ বছর ধরে পেশাদার সংগীতশিল্পী হিসেবে কাজ করছেন রুনা লায়লা। বাংলাদেশের পাশাপাশি ভারত ও পাকিস্তানেও তিনি সুনাম কুড়িয়েছেন। হাজার হাজার গানে তিনি জয় করেছেন একাধিক প্রজন্মের মন। অন্যদিকে আলমগীরের সিনে ক্যারিয়ারও প্রায় পঞ্চাশ বছরের। দেশের সিনেমায় সবচেয়ে বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা তিনি।
