Home বিনোদন সারপ্রাইজ ট্যুরে দুবাই উড়াল দিলেন নায়িকা মিম

সারপ্রাইজ ট্যুরে দুবাই উড়াল দিলেন নায়িকা মিম

0
190

ছয় বছরের গোপন প্রেমকে পূর্ণতা দিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে এ বছরের ৪ জানুয়ারি মালা বদল করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে সুখ-আনন্দ আর ক্যারিয়ার সাফল্যে কেটে গেছে তাদের প্রথম বছর। আর কয়েক দিন পরই মিম-সনির প্রথম বিবাহবার্ষিকী।

বলা নিষ্প্রয়োজন, আসন্ন ৪ জানুয়ারি মিম ও সনির জন্য অত্যন্ত বিশেষ দিন হতে যাচ্ছে। দিনটিকে আরও বেশি স্মরণীয় করে রাখতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনপ্রিয় শহর দুবাইতে উড়াল দিলেন এই দম্পতি।

স্বামীসহ পরিবারের অন্যদের সঙ্গে একটি ছবি প্রকাশ করে দুবাইযাত্রার সংবাদ দিয়েছেন মিম। বিবাহবার্ষিকী পালনের জন্যই তার এ দুবাই যাত্রা। সেইসঙ্গে বাড়তি আনন্দ হিসেবে ধরা দেবে ইংরেজি নববর্ষ। তাকে এ সারপ্রাইজ দিচ্ছেন স্বামী সানি পোদ্দার। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন মিম।

তিনি বলেন, ‘মূলত বিবাহবার্ষিকীর জন্যই আমরা দুবাই ট্যুরে যাচ্ছি। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে সনি আমাকে এই সারপ্রাইজ দিচ্ছে। যেহেতু এরমধ্যে থার্টিফার্স্টও পড়ছে, তাই দুবাইয়ের নিউ ইয়ার উদযাপনেও অংশ নেব।’

পর্দার অনন্যা দুবাই থাকবেন দশ দিন। ৮ জানুয়ারি ফিরবেন ঢাকায়। ফিরেই উড়ে যাবেন কলকাতায়। সেখানে তার অপেক্ষায় থাকবেন টলিউড সুপারস্টার জিৎ। তার সঙ্গে মিম জুটি বেঁধেছেন ‘মানুষ’ সিনেমায়। সিনেমাটি নির্মাণ করছেন সঞ্জয় সমদ্দার। এতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করছেন জিৎ। ৮ জানুয়ারি থেকে এ ছবির শুটিং।

বোঝা যাচ্ছে, নতুন বছর মিমের শুরু হচ্ছে বড় কাজ দিয়ে। তার আগে কয়েকটা দিন তিনি কাটাবেন তার ব্যক্তিগত জীবনের নায়কের সঙ্গে। মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে চান তিনি। সেকারণেই এবার মরুর বুকে মেতে উঠবেন ভালোবাসার উন্মাদনায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here