বিয়ের চার বছর পর তা প্রকাশ্যে আনেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম ও নির্মাতা শিহাব শাহীন। ২০১৯ সালের ২০ নভেম্বর নিজেদের চতুর্থ বিয়েবার্ষিকী উদযাপনের ছবি প্রকাশ করে একে অপরকে শুভেচ্ছা জানান তারা। তবে ২০২০ সালের সেপ্টেম্বরে তাদের বিচ্ছেদ হয়।
শোবিজপাড়ায় গুঞ্জন ছিল, মম-শাহীন বিচ্ছেদ হয়ে গেছে । তবে এ ব্যাপারে দুজনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায় তা নিশ্চিত করে বলা যায়নি। অবশেষ বুধবার (২৮ ডিসেম্বর) নিজেদের বিচ্ছেদের কথা জানান তারা।
জানা গেছে, দুজনের মধ্যে বোঝাপড়ার সমস্যার কারণে তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। দীর্ঘদিন তাঁরা দুজন আলাদা ছিলেন। মম জানিয়েছেন, শিহাব শাহীনের কাছ থেকে বিচ্ছেদের সিদ্ধান্ত আসে। বিচ্ছেদের এমন সিদ্ধান্ত আসার পর মম ধন্যবাদও জানিয়েছেন শিহাব শাহীনকে।
বিচ্ছেদের জন্য কেন ধন্যবাদ দিয়েছেন, জানতে চাইলে খুব বেশি কিছু না বলে সংবাদমাধ্যমকে মম বলেন, ‘তিনি আমাকে ডিভোর্স দিয়েছেন, এ জন্য তাঁকে ধন্যবাদ। কারণ, তিনি আমাকে মুক্ত ও স্বাধীন করে দিয়েছেন। আমি তাঁর মঙ্গল কামনা করছি।’
দুই বছর আগে বিচ্ছেদের পর মম এখন ভালো আছেন বলেও জানালেন। বললেন, ‘আমার জীবন নিয়ে এখন আমি ঠিকঠাক আছি। জীবনকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। কাজ-কর্মে নিজেকে ব্যস্ত রাখছি। দ্যাটস ইট।’
দীর্ঘ দিন প্রেমে করার পর ২০১৫ সালের ২০ নভেম্বর জাকিয়া বারী মম ও শিহাব শাহীনের বিয়ে হয়। এটি মমর তৃতীয় বিয়ে হলেও শাহীনের দ্বিতীয় বিয়ে।
এর আগে ২০১০ সালে নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন মম। তাদের একমাত্র ছেলে উদ্ভাস। তবে ২০১৩ সালে মুন্না ও মমর সংসারের ইতি ঘটে। তারও আগে হাবিব নামের একজনের সঙ্গে বিয়ে হয়েছিল মমর। সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি।
