হতাশায় ডুবে থাকা শাকিব ভক্তদের জন্য সুখবর

হতাশায় ডুবে থাকা শাকিব খান-ভক্তদের জন্য সুখবর। বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘লিডার—আমিই বাংলাদেশ’ সিনেমাটি।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ছাড়পত্র দেওয়া হয় এটিকে। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য মুশফিকুর রহমান গুলজার।

সেন্সর ছাড়পত্র পেলেও এখনও মুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার তরফ থেকে। তবে জানা গেছে, নতুন বছরে ভালো দিন বিবেচনায় মুক্তি দেওয়া হবে এই ছবি।

ছবিটি পরিচালনা করেছেন তপু খান। ছবিতে শাকিবের নায়িকা শবনম বুবলী। গত বছরের ১৮ ফেব্রুয়ারি রাতে রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়ার স্টুডিওতে সিনেমাটির নাম ঘোষণা এবং শিল্পীদের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সেদিন প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে শাকিব খান, শবনম বুবলী ও তপু খানের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়। এর মাধ্যমে দীর্ঘদিন পর আড়াল থেকে প্রকাশ্যে আসেন বুবলী।

একই বছরের ২৫ মে রাজধানীর উত্তরায় ‘লিডার—আমিই বাংলাদেশ’ ছবির দৃশ্যধারণের কাজ শুরু হয়। মাঝে শাকিব মার্কিন মুলুকে চলে যাওয়ায় লম্বা সময় ছবিটির কাজ বন্ধ ছিল। এ বছর কিং খান দেশে ফিরেই ছবিটির শুটিংয়ে অংশ নেন। বুবলীর সঙ্গে একটি গানের শুটিংয়ের মাধ্যমে শেষ করেন ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *