বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় এই সম্মেলনের উদ্বোধন করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলন উপলক্ষে সকাল থেকেই সম্মেলন স্থলে আসতে শুরু করে নেতাকর্মীরা। সম্মেলনের উদ্বোধন শেষে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সম্মেলনের এ পর্ব সঞ্চালনা করেন চিত্রনায়ক ফেরদৌস।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শোক প্রস্তাব উত্থাপন করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। সম্মেলনে অভ্যর্থনা কমিটির পক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন শেখ ফজলুল করিম সেলিম। এরপর বক্তব্য প্রদান করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনে বক্তব্য প্রদান করার পর সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়।
পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হবে কাউন্সিল অধিবেশন। এই অধিবেশনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। এ লক্ষ্যে দলের নেতৃত্ব নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে।
এরা হলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, ড. মশিউর রহমান ও শাহাব উদ্দিন চুপ্পু।
