যার ব্যক্তিত্ব নেই, তার কথার জবাব দেওয়ার রুচি আমার নেই: অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে বৈবাহিক সম্পর্ক নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেজন্য তৃতীয় পক্ষকে দুষছেন বুবলী। সম্প্রতি তিনি দাবি করেছিলেন, বাইরের ওই একজনের কারণে তাদের সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে। যদিও সেই তৃতীয় পক্ষের নাম উল্লেখ করেননি এ নায়িকা।

বুবলী নাম না বললেও নেটিজেনদের ধারণা, তিনি শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের দিকেই আঙুল তুলেছেন। পরে নায়িকা বুবলী বলেছেন শাকিবের সঙ্গে অপুর বিয়ের খবর তিনি জানতেন না।

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন অপু। তিনি বলেন, দেখুন, মানুষের জীবনে ব্যক্তিত্ব হচ্ছে বড় সম্পদ। যার কোনো ব্যক্তিত্বই নেই তার কোনো কথার জবাব দেওয়া মানে তার কাছ থেকে আরও বড় আক্রমণের শিকার হওয়া। তাই তার কথার কোনো জবাব দেওয়ার রুচি আমার নেই। সব সময় ব্যক্তিত্ব রক্ষার শিক্ষা আমি আমার পরিবার থেকে পেয়েছি। তাই ব্যক্তিত্বহীন কারও কথার জবাব দিয়ে নিজের ব্যক্তিত্বহানি করতে চাই না।

অপু বিশ্বাস বলেন, আমার প্রিয় দর্শকরা এখনো আমাকে আগের মতোই ভালোবাসে। আসলে ভুলভ্রান্তি নিয়েই মানুষের জীবন। আমার জীবনেও নানা টানাপড়েন গেছে। তারপরও দর্শক জানে তাদের অপু কতটা দায়ী বা নির্দোষ। তাই তারা আগের চেয়েও আমাকে অনেক বেশি ভালোবাসে।

এর প্রমাণ পেলাম সম্প্রতি আমার লালশাড়ি ছবির শুটিং করতে যখন মানিকগঞ্জের হরিরামপুর গেলাম, সেখানে। অবিশ্বাস্য ছিল দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আমাকে দেখতে ছুটে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *