বাংলাদেশে এলে মনে হয় বাড়িতেই আছি: পার্ণো মিত্র

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘বিলডাকিনী’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন টলিউড অভিনেত্রী পার্ণো মিত্র। কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী’ অবলম্বনে নির্মিত হয়েছিল ওই চলচ্চিত্র। নতুন খবর হলো, ফের বাংলাদেশে এসেছেন এই অভিনেত্রী।

‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি সিনেমায় অভিনয়ের জন্য ঢাকায় এসেছেন পার্ণো। সিনেমাটি নির্মাণ করছেন কলকাতার পরিচালক শিবরাম শর্মা। এতে তার বিপরীতে অভিনয় করছেন সোমরাজ মাইতি। বিএফডিসির একটি শুটিং ফ্লোরে আজ শেষ হবে পার্ণোর শুটিং।

ছবিটি প্রসঙ্গে পার্ণো বলেন, ‘আমি বরাবরই বাংলাদেশের সিনেমায় কাজ করতে পছন্দ করি। এই দেশ, দেশের মানুষ আমার পরিচিত। এখানে আসলে সবময় মনে হয় বাড়িতেই আছি। তাই কাজের ক্ষেত্রে কখনো আমার সমস্যা হয় না।’

এ সময় এ অভিনেত্রী আরও বলেন, ‘এ সিনেমায় আমাকে সুযোগ করে দেওয়ার জন্য প্রথমেই পরিচালককে ধন্যবাদ দিতে চাই। এমন সুন্দর একটি চরিত্র আমার জন্য আসলেই গর্বের। চলচ্চিত্রটির শুটিং করেছি আমি। কাজের অভিজ্ঞতা অসাধারণ। আশা করছি দুই বাংলার দর্শকদের কাছে ছবিটি ভালো লাগবে।’

কিডনিজনিত জটিলতায় ভুগতে থাকা এক নারীকে নিয়ে এ সিনেমার গল্প। তার জীবন সংগ্রাম তুলে ধরা হবে পর্দায়। এতে সুনেত্রা নামের ওই নারীর চরিত্রে অভিনয় করছেন পার্ণো। এখানে তার প্রেমিক হিসেবে দেখা যাবে সোমরাজ মাইতিকে।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন রূপাঞ্জনা মিত্র, বাংলাদেশি শিল্পী চুমকি, নাদিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *