অনেকেই আমাকে টেনে নামানোর চেষ্টা করছে: রায়হান রাফি

চলতি বছর ঈদুল আযহায় ব্লক বাস্টার হিট ‘পরাণ’ উপহার দিয়েছেন তরুণ নির্মাতা রায়হান রাফি। পরে তার ছবি ‘দামাল’ মুক্তি পায়। এই ছবি দিয়েও ভূয়সী প্রশংসা পান রাফি।

তবে কাজের বাইরে সম্প্রতি বিতর্কেও জড়ান এই নির্মাতা। চিত্রনায়িকা দীঘির সঙ্গে কদিন আগে বাগযুদ্ধে জড়াতে দেখা গেছে। সিনেমার জন্য প্রাথমিক আলাপ ও পরে না নেয়ায় অভিযোগ তুলে রাফির দিকে কৌশলে আঙুল তুলেছিলেন দীঘি। সেই বিষয় প্রকাশ্যে এলে রাফিও কড়া জবাব দেন।

নেটিজেনরা হুমড়ি খেয়ে দেখেছিলেন সেই বিতর্ক। শেষ পর্যন্ত বেশ জল ঘোলা হয় রাফি ও দীঘির সেই বাগবিতণ্ডা। তবে সংবাদমাধ্যমকে রাফি জানালেন, ‘এতে তিনি মোটেও বিব্রত হননি’।

তিনি বলেন, হিট অব মোমেন্টে কথা বলেছিলাম। এই কারণে সুন্দর কথাগুলো খারাপ শোনা যায়। কিন্তু এতে আমার বিব্রত হওয়ার কিছু নেই। আমি সত্য কথাটা বলেছি, হয়তো আমার কথা বলার ধরন অন্যরকম ছিল।

রায়হান রাফি বলেন, অনেক কথা বলেছিলাম। কিন্তু সংবাদ মাধ্যমে সংক্ষিপ্ত করে বিশেষ বিশেষ অংশ প্রচার হয়েছিল। যেহেতু আমি মানুষ, একেক সময় একেক মানসিক অবস্থায় থাকি। মুডের উপর ডিপেন্ড করে তখন কথা বলতে হয়। যাই হোক যা হয়ে গেছে তা নিয়ে এখন আর কথা বলতে চাই না।

দীঘির সঙ্গে বিতর্কে জড়ানোর পর নেটিজেনদের একাংশ রাফির দিকে আঙুল তুলে বলেছিলেন, হিট সিনেমা দেওয়ার ফলে রাফি অহংকারী হয়ে গেছেন। সত্যি কি তাই? এমন প্রশ্নের উত্তরে রাফি জানিয়েছেন, যারা এমন বলেছেন তাদের সঙ্গে আমার কাজের প্রতিযোগিতায় বিরোধ। আমি অহংকারী হলে এখন এই বিষয়ে ইন্টারভিউ দিতাম না।

তিনি বলেন, আমি মনে করি, কাজ দিয়ে আলোচনার আসার পর অনেকেই আমাকে টেনে নামানোর চেষ্টা করছে। তারা বলে বেড়াচ্ছে আমি অহংকারী হয়ে গেছি। কিন্তু একদমই না। দিন শেষে আমি মানুষ। ভুল ত্রুটির উর্দ্ধে নই। যদি ভুল করে থাকি ধরিয়ে দিলে ভুল শুধরে নেয়ার চেষ্টা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *