গেল অক্টোবরে দামাল সিনেমা মুক্তির আগে এক অনুষ্ঠানে অভিনেতা রাজকে অভিনেত্রী মিমের হাত ধরে থাকতে দেখা গিয়েছিল। পাশেই কারও হাত না ধরেই দাঁড়িয়ে ছিলেন সিয়াম।
এমন একটি ছবি শেয়ার করে রাজের স্ত্রী ও অভিনেত্রী পরীমনি তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেছিলেন, ‘সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকা-চটকি করতে দেখি নাই কোনোদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে।’
পরীর সেই ‘হেব্বি’ লাগার বিষয়টা ঠিক রাখতে অভিনেত্রীর হাত ধরলেন না সিয়াম। মঙ্গলবার রাজধানীর মহিলা সমিতিতে এ ঘটনা ঘটে। সিয়াম-পরী জুটি অভিনীত অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমার পোস্টার ও ট্রেইলাম প্রকাশ অনুষ্ঠান ছিল সন্ধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন দুজনেই।
এক পর্যায়ে সিয়াম ও পরীকে দর্শক সারি থেকে মঞ্চে ডাকা হয় অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য। দুজনেই ওঠেন মঞ্চে যাবার জন্য। ছোট্ট সিঁড়ি দিয়ে সিয়াম মঞ্চে উঠে যাচ্ছিলেন আগেই। এ সময় সিয়ামের দিকে হাত বাড়িয়ে দেন পরী।
কিন্তু সিয়াম হাত না ধরে পরীকে হাসি মুখে বলেন, ‘তুমিই তো বলেছ, আমি অন্য নায়িকার হাত ধরি না।’
এ কথা বলে হাসতে হাসতে সিয়াম ওঠে যান। পরীমনিও সিয়ামের ঠাট্টা গ্রহণ করেন এবং হাসতে হাসতে মঞ্চে ওঠেন। সেখানে সিনেমাটি নিয়ে নিজেদের অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে শেয়ার করেন তারা।
ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল।
সিনেমায় সিয়াম অভিনয় করছেন রাতুল চরিত্রে। তিনি বলেন, ‘করোনা থেকে অনেকেই যেমন ফিরে এসেছে, তেমনি সিনেমাটাও ফিরেছে। রাতুল চরিত্রটা আমার অনেক আগে থেকে জানা। সেই চরিত্রটা করতে পারব, এটা কোনোদিন ভাবিনি। সেটাই হলো এবং এটা স্বপ্ন পূরণের মতো। আমি সিয়াম আহমেদ হয়ে গিয়ে ছিলাম, শিশুরা আমাকে রাতুল ভাইয়া করে ঢাকায় পাঠিয়েছ।’
সিনেমায় তিশা চরিত্রে অভিনয় করা পরীমণি বলেন, ‘আমার ছেলেকে নিয়ে এসেছি অনুষ্ঠানে। সিনেমাটাও দেখব। ও যখন বড় হবে, তখন দেখাব যে তোমার জন্য একটি উপহার এই সিনেমা। করোনার সময় মনে হয়েছিল, সিনেমাটা শেষ পর্যন্ত আসবে কি না! এখন সিনেমাটা মুক্তি পাচ্ছে, সেটাই বড় পাওয়া।’
অনুষ্ঠানে জানানো হয়েছে, ২০২৩ সালের ২০ জানুয়ারিতে। এতে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। এ ছাড়াও শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে প্রায় ২০ শিশু।
