Home জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি সাদ্দাম, সম্পাদক ওয়ালি

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি সাদ্দাম, সম্পাদক ওয়ালি

0
217

ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি ইয়াসির ইনান।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন গেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক ব্রিফিংয়ে কমিটির ঘোষণা দেন।

সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক এজিএস ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র।

অন্যদিকে শেখ ওয়ালি ইয়াসির ইনান ছাত্রলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক এবং বিজয় একাত্তর হলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

এর আগে গত ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, ২৪ ডিসেম্বরের আগেই ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে।

সবশেষ ২০১৮ সালের ১১ ও ১২ মে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন। ওই বছরের জুলাইয়ে ছাত্রলীগের সভাপতি পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক পদে গোলাম রাব্বানী দায়িত্ব পান। তারা পদ হারালে ভারপ্রাপ্ত হিসেবে সভাপতি পদে আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক পদে লেখক ভট্টাচার্য আসেন। অবশ্য ২০২০ সালের ৪ জানুয়ারি তারা ‘ভারমুক্ত’ হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here