কলকাতার জনপ্রিয় নায়ক জিতের চলচ্চিত্র ‘মানুষ’ পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দার। সিনেমাটিতে নায়িকা হিসেবে দেখা যাবে বাংলাদেশের বিদ্যা সিনহা মিমকে।
বুধবার সন্ধ্যায় জিতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিডেট’র ফেইসবুক পাতায় সিনেমার মূল চরিত্রের অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়। তাতে চমক হিসেবে দেখা যায় মিমের নাম।
মানুষ সিনেমায় আরও অভিনয় করছেন জিতু কমল, সুস্মিতা চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তী প্রমুখ।
ঘোষণাটি নিজের টাইমলাইনে শেয়ার করার পর জিতের সঙ্গে একটি ছবিও আপলোড দিয়েছেন পরাণ, দামালের নায়িকা মিম। ক্যাপশনে লিখেছেন, “আমার পরবর্তী কাজ মানুষ, যা মুক্তি পাবে আগামী রোজার ঈদে।”
এর আগে ‘সুলতান’ নামের একটি সিনেমায় জিতের নায়িকা ছিলেন মিম। ছবিটির পরিচালক রাজা চন্দ্র। ভারতের সুরিন্দ্রর ফিল্ম এবং জিতের প্রযোজনা প্রতিষ্ঠান যৌথভাবে প্রযোজনা করেছিল ছবিটি।
এ প্রসঙ্গে মিম বলেন, ‘বেশ কিছুদিন ধরেই ছবিটিতে কাজের কথা হচ্ছিল। ছবিটির ব্যাপারে আমাকে ফোন করেছিলেন জিতের ভাই গোপাল মাদনানি। তিনি সিনেমাটির আরেক প্রযোজক। পরে পরিচালক সঞ্জয় দাদা ফোন করে গল্প শোনান। ছবিটির গল্প, চরিত্র পছন্দ হয়। পরিচালক আমাকে আশ্বস্ত করেছেন, ভালো কিছু হবে। তা ছাড়া এই পরিচালকের সঙ্গে আগে কাজের অভিজ্ঞতাও আমার আছে।’
ফের জিতের সঙ্গে কাজ প্রসঙ্গে মিম বলেন, ‘একসঙ্গে কম কাজ হলেও দীর্ঘদিন থেকে জিৎ দাদার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে। আমি যেমন তার ভালো কাজের প্রশংসা করি, জিৎ দাদাও বাংলাদেশে আমার কাজের খোঁজখবর রাখেন। পরাণ ছবির ট্রেলার দেখে আমাকে ফোন দিয়েছিলেন। ছবিটি দেখার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। তা ছাড়া জন্মদিনসহ বিশেষ দিনগুলোতেও আমাদের দুজনের শুভেচ্ছাবার্তা বিনিময় হয়।’
‘মানুষ’ সিনেমা প্রযোজনায় করবে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। বৃহস্পতিবার সকালে কলকাতায় ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হবে।
