একাত্তরের পরাজিত শক্তি আবারও প্রতিশোধ নিতে চাচ্ছে: কাদের

একাত্তরের পরাজিত শক্তি আবারও প্রতিশোধ নিতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তি দেশে এখনও সক্রিয়। তারা আবারও প্রতিশোধ নিতে চাচ্ছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এই ষড়যন্ত্র পরাহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

বিদেশে পলাতক থাকায় বুদ্ধিজীবী হত্যাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত একাধিক আসামির রায় ৯ বছরেও কার্যকর হয়নি। তবে তাদের ফিরিয়ে এনে রায় কার্যকর করতে সরকারের স্বদিচ্ছা ও আন্তরিকতার কোনও ঘাটতি নেই বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘যারা দেশের বাইরে আছে, তাদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে। সরকারের পক্ষ থেকে কোনও প্রকার স্বদিচ্ছা ও আন্তরিকতার ঘাতটি নেই। বিদেশে অনেক আইনি প্রতিবন্ধকতা আছে। তারপরও আমাদের চেষ্টার কমতি নেই।’

‘আমরা অচিরেই তাদের দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি’ জানিয়ে তিনি বলেন, ‘কারও কারও ব্যাপারে অগ্রগতিও হয়েছে। আশা করি এই প্রক্রিয়া আমরা দ্রুত সম্পন্ন করতে পারবো।’

মন্ত্রী আরও বলেন, ‘১০ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যার নীলনকশা প্রণয়ন করে। এদিন থেকেই তারা এই কাজ শুরু করে এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে গিয়ে হত্যা করা শুরু হয়। সর্বশেষ ১৪ ডিসেম্বর সবচেয়ে বড় ঘটনাটি ঘটে।’

‘আজকের এই দিনেই আমাদের, এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের পাকিস্তানি হানাদার বাহিনীরা তাদের গুম করে হত্যা করেছিল। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছি,’ বলেন ওবায়দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *