ব্রাজিল সাপোর্টার হয়েও মেসির জার্সি পরে আর্জেন্টিনার খেলা দেখলেন নোবেল

ব্রাজিল ফুটবল দলের পাঁড়ভক্ত মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেল। তাঁর স্মৃতিতে যখন থেকে ফুটবল, তখন থেকেই দলটি তাঁর প্রিয়। সেই ব্রাজিল–ভক্ত নোবেল বিশ্বকাপ ফুটবলের মৌসুমে অবস্থান করছেন কাতারে। এ কারণে ব্রাজিলের ম্যাচ দেখা স্বাভাবিক বিষয়।

তবে বিষয়টি স্বাভাবিক হলেও ব্রাজিলের ম্যাচটি দেখতে পারেননি বলে জানান এই মডেল। নোবেল বলেন, ব্রাজিলের ম্যাচের দিন আমার আর্জেন্টিনার টিকিট ছিল। ব্রাজিলের ম্যাচটি মাঠের বাইরে দাঁড়িয়ে বড় স্ক্রিনে দেখেছি। মন খারাপ করে আর্জেন্টিনার খেলা দেখতে গেছি পরে। তবে আমি কিন্তু মেসির অনেক বড় ভক্ত।

আর্জেন্টাইন খেলোয়াড় লিওনেল মেসি সম্পর্কে এই মডেল বলেন, আমার কাছে মনে হয় মেসি একটা ম্যাজিক। তার যে ক্রিয়েটিভি, আমার কাছে মনে হয় এরকম কোথায় দেখিনি। শুধু মেসির কারণে ওইদিন আর্জেন্টিনার জার্সি পরে খেলা দেখতে গেছি। অনেকে আমাকে বলেছেন, আমি নাকি দল পরিবর্তন করেছি। আসলে তা নয়। এটা মেসির শেষ বিশ্বকাপ, আমি যেহেতু তার ভক্ত—তাই তাকে স্মরণ করে ও তার জার্সি পরে ওইদিন খেলা দেখেছি। ওইদিন মেসি প্রমাণ করেছে, সে সেরা।

পছন্দের দল ব্রাজিল সম্পর্কে নোবেল বলেন, ব্রাজিলের খেলোয়াড়রা পায়ের মধ্যে বল নিয়ে খেলা করে সেটা আমাকে অনেক আকর্ষণ করে। শেষ ম্যাচও, যেদিন পরাজিত হলো সেদিনও নেইমারের গোলটি অসাধারণ ছিল। এটা কিন্তু যেকোনো খেলোয়াড়কে দিয়ে সম্ভব হয় না। অনেক আগে থেকেই ব্রাজিল সাপোর্ট করি। ওদের খেলাকে আমার কাছে শুধু ফুটবল মনে হয় না, একটা আর্ট মনে হয়। তবে অনেক সময় লিওনেল মেসির কারণে আর্জেন্টিনাকে ভুলতে পারি না আমি।

ব্রাজিলের ম্যাচ দেখা না হলেও আর্জেন্টিনার জার্সি পরে এই দলের খেলা দেখেছেন নোবেল। সেই সব ছবিও পোস্ট করেছেন সোশ্যালে। যা নিয়ে বন্ধুমহলে অনেকে মজা করে নানা কথা বলেছেন বলেও জানালেন তিনি।

বলেন, আমার এক জুনিয়র ফ্রেন্ড সৌদি আরব থাকে। সে আমাকে বলে ‘এভাবে দল বদলে ফেললেন’। কেউ মনে করেছে ব্রাজিল হেরেছে বলে দল পরিবর্তন করেছি। আসলে তা নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *