বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে প্রধান আসামি করে যাত্রাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে।
গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে পুলিশের কাজে বাধা প্রদান, বিস্ফোরণ, গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে।
মামলায় ইশরাক হোসেনসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নওশের আলী বাদী হয়ে মামলাটি করেন।
সোমবার বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ মামলায় বিএনপি আরও নেতাকর্মীকে আসামি দেখানো হয়েছে। তারা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নবীউল্লাহ নবী, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি পাভেল শিকদার, বিএনপি নেতা মো. জামসেদুল আলম শ্যামল, যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন জিকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাইসুল হাসান হবি, বিএনপি নেতা শুভ হাসান বাবু ও মো. কাউসার খানসহ আরও কয়েকজন।
এর আগে গত ৫ ডিসেম্বর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর সময়ের আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা দেয়া হয়।
