শাকিব খান আমেরিকা থেকে ফিরে নতুন ছকেই তার ক্যারিয়ার সাজাচ্ছেন। একাধিক ছবির বিচ্ছিন্ন ঘোষণা এলেও আপাতত নতুন বছরে ৪টি ভিন্ন স্বাদের ছবি আসবে শাকিব খানের। যার একটি পুরোপুরি অ্যাকশন নির্ভর।
এদিকে এতদিন শাকিব খান এফডিসি ঘরানার নির্মাতাদের ছবি ছাড়া কাজ করেন না এমন অভিযোগ থাকলেও তার সম্প্রতি যুক্ত হওয়া সিনেমাগুলো ভিন্ন কিছুর ঈঙ্গিত দেয়। এফডিসি ঘরানা থেকে বের হয়ে দারুণ কিছু কাজ উপহার দিতে চাইছেন এই অভিনেতা। নতুন সিনেমাগুলোতে যুক্ত হওয়া দেখে তার ভক্তরা এমনটাই প্রত্যাশা করছেন।
তবে আসছে বছর ৪টি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা থাকলেও সেখানে নায়িকা কারা থাকছেন তা নিয়ে এখনও ধোঁয়াসা কাটেনি। যদিও ‘রাজকুমার’ সিনেমাটিতে মার্কিন এক তারকা নায়িকা হিসেবে থাকছেন বলে সে সময় ঘোষণা দেওয়া হয়। তবে বিষয়টি ঘোষণাতেই আটকে আছে। সেই জায়গা থেকে এখন অনেকেরই প্রশ্ন কারা হচ্ছেন শাকিবের ‘নতুন নায়িকা’?
নতুন বলারও বেশকিছু কারণ রয়েছে। চলতি বছর শাকিব খান ‘মায়া’ সিনেমাটির জন্য সরকারি অনুদান পেয়েছেন। শুরুতে শোনা গিয়েছিল সিনেমাটিতে নায়িকা হচ্ছেন এ সময়ের আলোচিত অভিনেত্রী পূজা চেরি। কিন্তু কিছুদিন আগে শাকিব-বুবলী দ্বন্দ্ব এবং নিজেদের প্রেম গুঞ্জনের কারণে পূজা আর নায়িকা থাকছেন না, এটা ওপেন সিক্রেট।
অন্যদিকে অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর যেমন পর্দায় শাকিব-অপুকে একসঙ্গে পর্দায় দেখেনি দর্শকরা তেমনই হাল হতে যাচ্ছে শাকিব-বুবলী জুটির। কেননা তাদের প্রেম, বিয়ে, সম্পর্ক প্রকাশ্যে আসা এবং বিচ্ছেদের চিত্র একই। সম্প্রতি শাকিব-বুবলী ও অপু বিশ্বাসের দ্বন্দ্বের মাঝেই একটি সিনেমার গানে শাকিব-বুবলী অংশ নেন। সে সময় কাজের বাইরে তেমন কোনো সম্পর্ক তাদের মাঝে ছিল না। অনেকেই সে সময় বলেছেন এটাই শাকিব-বুবলী জুটির শেষ সিনেমা হতে যাচ্ছে। সেই জায়গা থেকে শাকিব নায়িকা হিসেবে বুবলীকে নেবেন না এটা বলাই যায়। যদিও মাঝে শোনা গিয়েছিল শাকিবের পরবর্তী অন্তত দুটি সিনেমার নায়িকা হচ্ছেন বুবলী! কিন্তু সেটা হয়তো গুঞ্জনেই ভাটা পড়তে যাচ্ছে।
অন্যদিকে নির্মাতা রায়হান রাফির ‘প্রেমিক’ সিনেমাতে শাকিবের বিপরীতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা থাকছেন বলেও একাধিক গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছিল। যদিও সে সময় তিশা বিষয়টি গণমাধ্যমে স্বীকার করেননি। এমনকি এখন অবধি রাফি, শাকিব বা তিশার কেউই আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।
শুধু এই সিনেমাটি নয়, অন্য সিনেমাগুলোতেও একাধিক নায়িকার নাম নিয়ে গুঞ্জন রয়েছে। তবে আনুষ্ঠানিক কোনোকিছু জানা যায়নি। এমন অবস্থায় শাকিবের নায়িকাদের স্থান আপাতত শূন্যই রয়ে গেছে।
