রাজধানীতে ধর্মঘট না ডাকলেও প্রায় প্রত্যেকটি সড়কেই চলাচল বন্ধ রয়েছে গণপরিবহন। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। গণপরিবহন না থাকায় দীর্ঘক্ষণ সড়কে অপেক্ষা করছেন অফিসগামী যাত্রীরা। শনিবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
রাজধানীর রামপুরা, মালিবাগ, মগবাজার, সাতরাস্তা কাওরান বাজার, ফার্মগেট, শাহবাগ, পল্টন, মতিঝিল, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কমলাপুর এলাকা ঘুরে দেখা যায়, কোনো রাস্তায়ই স্বাভাবিকভাবে গণপরিবহন চলছে না। প্রায় সব রাস্তাই ফাঁকা রয়েছে। তবে রিকশা, মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা সড়কে চলাচল করতে দেখা গেছে।
মালিবাগে বাসের জন্য অপেক্ষারত শফিক বলেন, আজ রাজধানীতে কোনো পরিবহন ধর্মঘট ঢাকা হয়নি। তবুও গণপরিবহন শূন্য রাজধানী। প্রায় দুই ঘণ্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি। অফিসে যাওয়ার জন্য কোনো পরিবহন পাচ্ছি না।
বেসরকারি কোম্পানিতে চাকরি করেন রাসেল (৩৫)। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সাধারণ চাকরিজীবী। রাজনৈতিক কারণে আমাদের কেন ভোগান্তি পোহাতে হবে। সঠিক সময়ে অফিসে যেতে না পারলে অফিসে গিয়ে জবাবদিহি করতে হবে। সব সময় আতঙ্কে থাকি, কখন যে অফিস থেকে বলে দেওয়া হয়, আর আসার দরকার নেই।
তিনি আরও বলেন, ১ ঘণ্টা ধরে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। সড়কে কোনও গাড়ি নেই। শেষ পর্যন্ত মোটরসাইকেলে যেতে হচ্ছে।
ফার্মগেটে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা গৃহিণী সানজিদা আক্তার বলেন, ঘণ্টা ধরে বসে আছি, বাসের দেখা নেই। রাজনৈতিক কারণে আমাদের মতো সাধারণ জনগণের ভোগান্তি পোহাতে হচ্ছে।
মোস্তাফিজুর রহমান, চাকরি করেন একটি বেসরকারি কোম্পানিতে। তিনি সকাল ৯টার অফিস ধরতে বাসা থেকে বের হয়েছেন সকাল সাড়ে সাতটায়। তিনি বলেন, সড়কে কোন গণপরিবহন নেই। এক ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে। গণপরিবহনের দেখা মিলছে না। যাও একটা দুইটা আসছে বাসে লোকজনে ঠাসা।
রাজধানীর শাহবাগ মোড়, যেখানে সব সময় অনেক বাস থাকে, সেখানেও আজ বাসের অপেক্ষায় অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। সাহানা আখতার নামের এক নারী বলেন, ‘সাভারে ভাইয়ের বাসায় যাব বলে সকালে বের হইছি। কিন্তু এখনো কোনো বাস নাই। কীভাবে সাভার যাব?’
এর আগে গতকাল শুক্রবার গণসমাবেশ আয়োজনের পুলিশি অনুমতি পাওয়ার পরই ভেন্যুতে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বিকেল থেকেই দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গোলাপবাগ মাঠে জড়ো হতে থাকেন।
রাত যত হয়েছে, মাঠে বিএনপি নেতাকর্মীর আনাগোনাও বেড়েছে তাল মিলিয়ে। ওই সময় মাঠের ভেতর ও সড়কে খণ্ড খণ্ড হয়ে মিছিল করতে থাকেন নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীর ভিড়ে মাঠের পাশের সড়কগুলোতে যানজট সৃষ্টি হয়।
