এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া দুই বছর আগে (২০২০ সালের ২১ মার্চ) বাগদান সম্পন্ন করেন রনি রিয়াদের সঙ্গে। দুই পরিবারের সম্মতিতেই হয় সেই বাগদান। সেই সময় নিজেদের ছবি সোশ্যালে শেয়ারও করেছিলেন অভিনেত্রী।
বাগদানের এতদিন পরে এসে অভিনেত্রী ষ্পষ্ট জানালেন, বিয়ে করছেন না তারা। আপাতত অবিবাহিতই থাকবেন। এছাড়া তিনি যা করেন বুঝে-শুনেই করেন বলেও জানিয়েছেন হালের এই ক্রেজ অভিনেত্রী।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) একটি সংবাদমাধ্যমকে অভিনেত্রী বিয়ে না করার ব্যাপারে আরও বলেন, ইন্ডাস্ট্রিতে অনন্ত একজন নায়িকা সিঙ্গেল থাকুক না। জোর করে বিয়ে, বাচ্চা—এসবের প্রয়োজন নেই তো। একটু শান্তিতে থাকি না।
দুই বছর আগে বাগদান সম্পন্নের ব্যাপারে বলেন, জীবনে ওঠা-নামা সেতো থাকবেই। আমাদের নিজেদের মধ্যে কোনো সমস্যা নেই, দ্বিমত নেই। কখনো হয়নি। তবে বিয়েটা হচ্ছে না আমাদের।
রনির সঙ্গে বিয়ে হচ্ছে না বোঝা গেল, কিন্তু অন্য কোথায় বিয়ের ব্যাপারে পরিবার থেকে কোনো চাপ আছে কি না—এ ব্যাপারে এই নায়িকা বলেন, ‘পরিবার থেকে বিয়ের বিষয়ে চাপ আছে। কিন্তু আমি এখন যেভাবে, যে পরিমাণ কাজ নিয়ে ব্যস্ত আছি, বিয়ের বিষয়টি আসলে আমি কাজে সময় দিতে পারব না। সুতরাং, কাজ ফেলে এখনই বিয়ে করব না।’
তবে এই নায়িকার কথা, একসময় না একসময় বিয়ে তো করতেই হবে। যখন হবে তখন দেখা যাবে। এটি নিয়ে বাড়তি কোনো চাপ নেই মাথায়।
