ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘প্রেমিক’ নামের একটি সিনেমা বানাবেন রায়হান রাফি— খবরটি শুনে আশায় বুক বেঁধেছিলেন শাকিব ভক্তরা। কিন্তু ছবিটির শুটিংয়ে বিলম্ব হওয়ায় তাদের অপেক্ষার প্রহর হচ্ছিল দীর্ঘ।
অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। জানুয়ারিতে ‘প্রেমিক’-এর শুটিং শুরু হতে যাচ্ছে। এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন রায়হান রাফি। সেইসঙ্গে শাকিব ভক্তদের দিয়েছেন স্মার্ট হওয়ার পরামর্শ।
রাফি বলেন, “সেরকমই পরিকল্পনা চলছে। আশা করছি জানুয়ারিতেই ‘প্রেমিক’ সিনেমার শুটিং শুরু হবে।”
‘প্রেমিকে’র ঘোষণা আসার পর থেকেই শাকিবিয়ানদের এক প্রশ্ন— এ ছবিতে কে হবেন ভাইজানের নায়িকা? এবার তাদের নায়িকা নিয়ে না ভাবার পরামর্শ দিলেন রাফি।
তিনি বললেন, ‘শাকিব খানের ভক্তদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। তাদের আরও স্মার্ট হতে হবে। কারণ শাকিব খানকে এখন ভালো গল্পের সিনেমা করতে হবে। কে নায়িকা হবে— এসব নিয়ে পড়ে থাকলে চলবে না। এসব ভেবেই তো এই অবস্থা। শাকিব খানের মতো একজন সুপারস্টারের কেন এত বিতর্ক থাকবে কেন? বলিউডের আমির খান, শাহরুখ খানদের নিয়ে তো এত বিতর্ক নেই। শাকিব খানের নামেই সিনেমা চলে। অতএব তার ভক্তদের নায়িকা নিয়ে ভাবা বন্ধ করতে হবে। আর রায়হান রাফি নায়িকা নির্ভর না, গল্প নির্ভর ছবি বানায়।’
