রাজধানীর পল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। নেতাকর্মীরাও পাল্টা ইট ছুড়েছে পুলিশকে লক্ষ্য করে।
আজ (বুধবার) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষ শুরুর আগে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। পুলিশও সেখানে সতর্ক অবস্থানে ছিল। প্রিজন ভ্যান ও জলকামানও প্রস্তুত ছিল।
এর আগে সকাল থেকেই বিএনপির কার্যালয়ের সামনে শত শত নেতাকর্মী অবস্থান করেন। দুপুর বারোটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একটি সংবাদ সম্মেলন করেন। এরপর সাড়ে বারোটার দিকে দুটো ট্রাক আসে।
তাতে মাইক ব্যানারসহ অস্থায়ী মঞ্চ দেখা যায়। এক পর্যায়ে মাইক্রোফোন ঘোষণা দেয়া নেতাকর্মীদের রাস্তায় বসে পড়তে দেখা যায়। মুহূর্তে কয়েক হাজার নেতা কর্মী রাস্তায় বসে পড়লে ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত রাস্তা বন্ধ হয়ে যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দূরে গিয়ে অবস্থান করেন। দুপুর দেড়টায় মাইক এ ঘোষণা দেয়া হয় সড়কের এই অবস্থান চলমান থাকবে। এদিকে পৌনে ৩টা থেকে পুলিশকে মারমুখী অবস্থানে দেখা যাচ্ছে।
