ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে বসবাস করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। মাঝেমধ্যে দেশে ফিরলেও তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা। সিডনিতে থেকেই ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন।
দেশ ছেড়ে দূরে থাকার কারণে বিনোদন জগতের মানুষদের সঙ্গে শাবনূরের দেখা-সাক্ষাৎ হয় না বললেই চলে। তবে এবার নায়িকার সঙ্গে দেখা হলো দেশের তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার সঙ্গে।
আজ মঙ্গলবার ফেসবুকে শাবনূর তার নিজের ফেসবুকে কিছু ছবি প্রকাশ করেছেন। সেখানে শাবনুরের সঙ্গে ফারুকী-তিশাকে দেখা গেছে। কোনো ছবিতে তিনি ফ্রেমবন্দি হয়েছেন তিশার সঙ্গের সঙ্গে। আবার কোনো ছবিতে বাঁধা পড়েছেন ফারুকীর সঙ্গে। এ সময় ফারুকী-তিশাকন্যা ইলহামও ছিল মায়ের কোলে। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন আরও কয়েকজন।
ছবিগুলোর ক্যাপশনে কিছু লেখেননি শাবনূর। তবে ধারণা করা হচ্ছে, ছবিগুলো ফারুকী-তিশার সঙ্গে প্রীতি সাক্ষাতের। শাবনূর বাস করেন অস্ট্রেলিয়ায়।
এদিকে ফারুকীর ফেসবুকে চোখ রেখে বোঝা গেছে তিনি সপরিবারে দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছেন। তারই এক ফাঁকে হয়তো শাবনূরের সঙ্গে কিছুটা সময় ভাগ করেছেন তারা।
উল্লেখ্য, শাবনূর ২০০৪ সালে অভিনয় করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ সিনেমায়। এরপর আর তাদের একসঙ্গে কাজ করা হয়নি। দেখাও যায়নি একসঙ্গে।
