কাতার বিশ্বকাপে নক আউট পর্বে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনা। আর এই ম্যাচে গোল করে স্মরণীয় করে রাখলেন এল এম টেন।
শুধু তাই নয়, গোল করে ছাড়িয়ে গেলেন আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল করার তালিকায় দুই নম্বরে এখন লিওনেল মেসি।
বিশ্বকাপে ম্যারাডোনার গোল ছিল মোট ৮টি। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে গোল করে ছুঁয়ে ফেলেছিলেন ম্যারাডোনাকে। শনিবার (৩ ডিসেম্বর) আহমেদ বিন আলী স্টেডিয়াম নক আউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মেসি। আর এই গোল করেই ম্যারাডোনাকে ছাড়িয়ে যান মেসি। বিশ্বকাপে ২৩ ম্যাচ খেলে মেসির গোল সংখ্যা এখন মোট ৯ টি।
অন্যদিকে বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে সর্বোচ্চ গোল করেছেন আরেক কিংবদন্তি গাব্রিয়েল বাতিস্তুতা। বিশ্বকাপে তার গোল সংখ্যা মোট ১০ টি। বিশ্বকাপে আর একটি গোল করলেই বাতিস্তুতাকে ছুঁয়ে ফেলবেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেই হাজারি ক্লাবে ঢুকে গেলেন ৩৫ বছর বয়সী তারকা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসির এখন পর্যন্ত ১০০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা হলো।
এর মধ্যে মধ্যে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ ৭৭৮টি ম্যাচ খেলেছেন মেসি। জাতীয় দলের জার্সি গায়ে ১৬৯টি ম্যাচ খেলার রেকর্ড তার। হ্যাভিয়ের মাসচেরানোর ১৪৭টি ম্যাচ খেলার রেকর্ড যা আগেই ভেঙে দিয়েছেন মেসি। এছাড়া পিএসজির হয়ে ৫৩টি ম্যাচ খেলার অভিজ্ঞতা তো আছেই।
আন্তর্জাতিক পেশাদার ফুটবলে হাজারের বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা ফুটবলারের সংখ্যা তেমন বেশি নয়। এরমধ্যে স্বদেশি হাভিয়ের জেনেত্তির রয়েছে ১১শর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা। যদিও জেনেত্তি খেলেছেন ৪০ বছর বয়স পর্যন্ত।
