৩০ লাখ টাকা পারিশ্রমিক চাওয়ার কারণ জানালেন শরিফুল রাজ

ঢাকাই সিনেমার এ সময়ের নায়কদের মধ্যে অন্যতম শরিফুল রাজ। ২০১৬ সালে ‘আইসক্রিম’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

এরপর ‘ন ডরাই’ সিনেমায়ও দেখা গেছে তাকে। তবে আলোচনায় এসেছেন চলতি বছরের আলোচিত সিনেমা ‘পরাণ’, ‘হাওয়া’ ও ‘দামাল’ সিনেমায় অভিনয়ের জন্য।

এই তিন সিনেমায় দর্শকমহলে সাড়া ফেলার পাশাপাশি রাজের অভিনয়ও প্রশংসিত হয়। জানা গেছে, সিনেমা তিনটির সাফল্যের পর নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন রাজ। এমনটিও শোনা যাচ্ছে, নতুন সিনেমার জন্য ৩০ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক দাবি করছেন তিনি! যা ঢাকাই চলচ্চিত্রে উচ্চ পারিশ্রমিক।

শুক্রবার (২ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের এক হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ। সেখানে পারিশ্রমিকের বিষয়ে পরাণ সিনেমার এ অভিনেতা জানান, তিনি যে পারিশ্রমিক চাচ্ছেন, তা মোটেও অতিরিক্ত নয়। এর ব্যাখ্যাও দিয়েছেন এ অভিনেতা।

এ প্রসঙ্গে রাজ বলেন, ‘একজন আর্টিস্ট কতদিন পর কত টাকা পারিশ্রমিক নেবে, এটা কে ঠিক করে দেবেন? আমার কথা যদি বলি, আমি কিন্তু এক মাসের মধ্যে একটা সিনেমা করি না। আমার দীর্ঘ সময় লাগে। তো সেই আট-নয় মাস আমার জীবনযাপনের খরচ তো মেটাতে হবে। যেহেতু আমার এটাই পেশা। সেই হিসাবেই আমি পারিশ্রমিক চাচ্ছি।’

পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়াতে রাজের হাত থেকে ছবির কাজ ছুটে যাওয়ার সম্ভবনা থাকলেও এতে মোটেই বিচলিত নন বলে জানান এ অভিনেতা। একটু বুঝে শুনে নিজের মতো করেই এগিয়ে যেতে চান তিনি।

এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে রাজ অভিনীত ‘দামাল’। মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি হয়েছে সিনেমাটির গল্প। ফরিদুর রেজা সাগরের কাহিনিতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির পরিচালক রায়হান রাফি। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দোলা।

রাজ ছাড়াও এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা, বৃষ্টি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *